বঙ্গবাজারে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল, গুলিতে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবাজারে আজ সন্ধ্যায় পুলিশের গুলিতে আহত আবদুর রহমান ও আবদুল মমিন। ছবি: ফোকাস বাংলা
বঙ্গবাজারে আজ সন্ধ্যায় পুলিশের গুলিতে আহত আবদুর রহমান ও আবদুল মমিন। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর ফুলবাড়িয়ায় অবস্থিত বঙ্গবাজার এলাকায় আজ শনিবার সন্ধ্যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের গুলিতে দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধ দুজন হলেন আবদুর রহমান ও আবদুল মমিন। দুজনেরই পায়ে গুলি লেগেছে।
পুলিশের দাবি, ককটেল মেরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ওই দুজন আহত হন। তবে গুলিবিদ্ধ দুজনের দাবি, তাঁরা ককটেল মারেননি। তাঁরা বঙ্গবাজার দিয়ে যাওয়ার সময় গুলিতে আহত হন।

পুলিশ জানায়, আজ সন্ধ্যা ছয়টার দিকে বঙ্গবাজারের সামনে পুলিশের অপেক্ষমাণ গাড়ি লক্ষ্য করে তিনটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালায়। ককটেল মেরে পালিয়ে যাওয়ার সময় আবদুর রহমান ও আবদুল মমিন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান জানান, দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় দুজন আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবদুর রহমান ককটেল মারার বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি সিঙ্গাপুরপ্রবাসী। মালয়েশিয়া যাবেন বলে বন্ধু মমিনকে নিয়ে আজ কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে মেডিকেল চেক আপ করাতে যান। সেখান থেকে ফেরার পথে বঙ্গবাজার এলাকায় পুলিশের গুলিতে আহত হন তাঁরা।
আবদুর রহমানের ভাই আবদুস সোবহান দাবি করেন, তাঁর ভাই কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন। থাকেন বিদেশে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেন তিনি।