বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ৯২ জেলে আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগর থেকে গতকাল মঙ্গলবার ১২টি মাছ ধরা ট্রলারসহ মিয়ানমারের ৯২ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনীর সেন্ট মার্টিন স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আলম কিবরিয়া বলেন, গতকাল সেন্ট মার্টিনের ৫৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমানায় নৌবাহিনীর বানৌজা ধলেশ্বরী জাহাজের ক্যাপ্টেন হাসান তারিকের নেতৃত্বে একটি দল প্রতিদিনের মতো টহল দিচ্ছিল। দুপুরে মিয়ানমারের কয়েকটি মাছ ধরা ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে। এ সময় নৌবাহিনী চ্যালেঞ্জ করলে ট্রলার নিয়ে জেলেরা পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে ধাওয়া করে ১২টি মাছ ধরা ট্রলারসহ ৯২ জন জেলেকে আটক করা হয়।
সাইফুল আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন। ওই এলাকায় মাছ বেশি ধরা পড়ায় তাঁরা বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করেন বলে স্বীকার করেছেন।