বঙ্গোপসাগরে আটক ৫৯২ জনকে চট্টগ্রামে আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা ৫৯২ জনকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাঁদের নিয়ে নৌবাহিনীর জাহাজ দুর্জয় গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নৌবাহিনীর ‘রেডি রেসপন্স বার্থ’ এলাকায় পৌঁছায়।
নৌবাহিনীর কর্মকর্তারা জানান, গত সোমবার সকাল সাড়ে নয়টায় নৌবাহিনীর জাহাজ বিএনএস দুর্জয় সমুদ্রে টহল দেওয়ার সময় সেন্ট মার্টিন থেকে ১২০ নটিক্যাল মাইল দূরে মিয়ানমারের একটি ট্রলার আটক করা হয়। ট্রলারটি বাংলাদেশের একান্ত অর্থনৈতিক এলাকার একেবারে শেষ প্রান্তে অবস্থান করছিল। ট্রলারটিতে তল্লাশি চালিয়ে ৫৯২ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১৪ জন নারী ও দুজন শিশুসহ বাংলাদেশের যাত্রী মোট ৪৯৬ জন। আর ১৯ জন নারী ও ১২ শিশুসহ মিয়ানমারের যাত্রী মোট ৯০ জন। এছাড়া ১১ জন নাবিক ও পাঁচজন পাচারকারী। পাচারকারীদের মধ্যে বাংলাদেশের দুজন, বাকী তিনজন মিয়ানমারের নাগরিক।
অভিযানে নেতৃত্ব দেওয়া বিএনএস দুর্জয়ের অধিনায়ক কমান্ডার মিয়া মোহাম্মদ নাঈম রহমান বলেন, ‘২১ মিটার লম্বা ট্রলারটিতে বিপুলসংখ্যক লোক থাকতে পারে, তা আমাদের ধারণায় ছিল না। ট্রলারের তিনটি ডেকের প্রতিটিতে ২০০ করে ৬০০ জন লোক ছিল। এখন আটক করা লোকদের স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নৌবাহিনী সূত্রে জানা গেছে, মিয়ানমারের নিবন্ধন করা ট্রলারটি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয়। বঙ্গোপসাগর থেকে ১৫ নভেম্বর ট্রলারটি যাত্রা শুরু করে।
এদিকে আটক হওয়া দালালদের একজন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার বাসিন্দা নুর মোহাম্মদ দাবি করেন, তিনি এ কাজে যুক্ত নন। টেকনাফের বাসিন্দা আরেক দালাল সলিমও মানব পাচারের সঙ্গে যুক্ত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
১১ মাস বয়সী শিশুসন্তান মেহেদী হাসানকে কোলে নিয়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য এই ট্রলারে উঠেছিলেন সেতারা বেগম। তিনি প্রথম আলোকে জানান, কক্সবাজারের বাসিন্দা তাঁর স্বামী আবদুল খালেক দুই বছর আগে দালালদের সহযোগিতায় এভাবে মালয়েশিয়ায় গিয়েছিলেন। তাঁর পরামর্শেই তিনি এ পথে রওনা দেন।
সেতারা বেগম প্রথম আলোকে বলেন, ‘ট্রলারটিতে করে প্রথমে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। সেখান থেকে আমার স্বামী আমাকে মালয়েশিয়ায় নিয়ে যেত।’
যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা সুমন হোসেন (১৮) জানান, তিনি স্থানীয় দালালদের মাধ্যমে কক্সবাজারে আসেন। এরপর তাঁকে টেকনাফের একটি জঙ্গলে এক দিন লুকিয়ে রাখা হয়। তিনি বলেন, ‘টেকনাফ থেকে একটি ছোট নৌকায় ওঠানো হয়। সেখানে দুই দিন ছিলাম। এরপর বড় ট্রলারে ছিলাম ১৩ দিন। ট্রলারটিতে প্রথম যখন উঠি তখন বেশি লোক ছিল না। তবে প্রতিদিনই ছোট ছোট নৌকায় করে লোক এনে ট্রলারটি ভর্তি করা হয়।’