কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে গত বৃহস্পতিবার রাতে জলদস্যুদের ট্রলারের ধাক্কায় একটি মাছধরা ট্রলার উল্টে গেছে। পরে ওই ট্রলারের ১২ মাঝিমাল্লাকে অন্য জেলেরা উদ্ধার করেন।
ট্রলারের মাঝি মো. রফিক বলেন, গত মঙ্গলবার চট্টগ্রামের মাঝিরঘাটা থেকে একটি ট্রলারে করে তিনিসহ ১২ জন মাঝিমাল্লা সাগরে মাছ ধরতে যান। গত বৃহস্পতিবার রাতে তাঁরা সেন্ট মার্টিন থেকে চার নটিক্যাল মাইল দক্ষিণে মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমারের পতাকাবাহী একটি ট্রলার থেকে জলদস্যুরা তাঁদের ট্রলার লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি করে। ওই সময় তাঁরা ভয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে জলদস্যুদের ট্রলারটি ধাক্কা দিয়ে তাঁদের ট্রলারটি উল্টে দেয়। পরে একই এলাকায় মাছ শিকাররত দুটি ট্রলার তাঁদের উদ্ধার করে।
সেন্ট মার্টিন পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় আহত জেলেদের চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পরে পাঁচটি ট্রলারের সাহায্যে উল্টে যাওয়া ট্রলারটি উদ্ধার করে সেন্ট মার্টিন জেটিঘাটে নিয়ে আসা হয়।