বঙ্গোপসাগরে ডাকাতি, ১০ জেলেকে অপহরণ
পটুয়াখালীর কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কুয়াকাটা থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে সোনারচর এলাকায় মাছ ধরার ট্রলারে এ ডাকাতির সময় ১০ জেলেকে অপহরণ করা হয়েছে।
এদিকে পৃথক ঘটনায় ডাকাতি করে ট্রলারে করে ফেরার সময় গতকাল দুপুরে অপহৃত জেলেরা কৌশলে দুই ডাকাতকে আটক করেছেন। হায়দার হোসেন ও ফারুক হোসেন নামের ওই দুই ডাকাতের কাছ থেকে ১৫৯টি গুলি উদ্ধার করা হয়।
সোনারচরে ডাকাতদের কবল থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে মহিপুর মৎস্য বন্দর আড়তদার সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ জানান, চার-পাঁচটি ট্রলারে সশস্ত্র ডাকাতেরা এফবি আরজু, এফবি আলমগীর, এফবি মায়ের দোয়া ট্রলারসহ ছয়টি ট্রলার ও কমপক্ষে ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণ হওয়া জেলেরা হলেন এফবি আরজু ট্রলাররের মাঝি হযরত আলী, জেলে মহিরুল ইসলাম, দুলাল হোসেন; এফবি আলমগীর ট্রলারের মাঝি মাকসুদ; এফবি বসুন্ধরা-১৭ ট্রলারের মাঝি মো. শাহাবুদ্দিন এবং গলাচিপা উপজেলার একটি ট্রলারের মাঝি বঙ্কিম চন্দ্র। অপহৃত অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।
এফবি আরজু ট্রলারের জেলে মহিউদ্দিন মিয়া জানান, ডাকাতেরা সশস্ত্র অবস্থায় এসে সাগরে মাছ ধরা অবস্থায় তাঁদের ট্রলার ও মাঝি হযরত আলীসহ অপর তিন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। সুন্দরবনের রাজু বাহিনীর অন্যতম সহযোগী ইলিয়াস এই ডাকাতির নেতৃত্ব দেয়। ডাকাত সদস্যরা অপহৃত জেলেদের উদ্ধারের বিষয়ে যোগাযোগের জন্য একটি মুঠোফোন নম্বর দিয়ে গেছে।
এদিকে মৎস্য বন্দর আলীপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা জানান, আশারচর-ফকিরহাটসংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতি করে গতকাল দুপুরের দিকে ডাকাত দলের দুই সদস্য এফবি মায়ের দোয়া ট্রলারযোগে অপহৃত ১০ জেলেকে নিয়ে সুন্দরবনের উদ্দেশে যাচ্ছিল। এ সময় মিলন মাঝি ও শাহ আলম মাঝিসহ অপর জেলেরা কৌশলে সশস্ত্র দুই ডাকাতকে বেঁধে ফেলেন। পরে কোস্টগার্ড সদস্যরা তাঁদের আটক করে তালতলী উপজেলার নিদ্রাসখিনায় (ফকিরহাট) সাব-স্টেশনে নিয়ে যান।
কোস্টগার্ডের নিদ্রা সখিনার কন্টিনজেন্ট কমান্ডার মিজানুর রহমান বলেন, এক মাস ধরে সাগরে ডাকাতি বেড়েছে। এ কারণে টহলও বাড়ানো হয়েছে। গতকাল টহলের সময় দুই ডাকাতকে অপহৃত জেলেদের সহযোগিতায় আটক করা হয়েছে। আটককৃত ডাকাতদের কাছ থেকে একনলা বন্দুকের ১৫৯টি গুলি ও মুঠোফোনের চারটি সিম উদ্ধার করা হয়েছে। আটককৃত হায়দার ও ফারুককে সন্ধ্যায় তালতলী থানায় হস্তান্তর করা হয়।