বঙ্গোপসাগরে তিন ট্রলারসহ ৪৫ জেলে অপহৃত
বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে গত সোম ও মঙ্গলবার সন্ধ্যায় তিনটি ট্রলারসহ ৪৫ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। মুক্তিপণ আদায়ের জন্য জাহাঙ্গীর ও ফরহাদ বাহিনী তাঁদের অপহরণ করেছে বলে জানা গেছে।
দুবলারচর ফিশারম্যান গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জানান, মংলা সমুদ্রবন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে মাছ আহরণ করতে যান জেলেরা।
গত সোম ও মঙ্গলবার সন্ধ্যায় দুবলা শুঁটকিপল্লিতে পাঁচ থেকে ছয়টি ট্রলার ফিরে আসছিল। এ সময় বনদস্যু ফরহাদ ও জাহাঙ্গীর বাহিনী তাঁদের ওপর হামলা চালায়।
পর পর দুই দিনের হামলায় তারা তিনটি ট্রলারসহ ৪৫ জনকে অপহরণ করে। তিনটির একটি বাগেরহাটের রামপালের জয়নাল নামের এক মৎস্য ব্যবসায়ীর ট্রলার। অন্য দুটি ট্রলারের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অপহৃত জেলেদের বাড়ি রামপাল, কয়রা, ডুমুরিয়া ও পাইকগাছা এলাকায়।
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আলাউদ্দিন নয়ন জানান, ‘জেলেদের কাছ থেকে কোনো অভিযোগ আমরা পাইনি। তার পরও আমাদের দুবলারচর স্টেশনসহ আরও তিনটি স্টেশনের সদস্যদের দিয়ে মঙ্গলবার রাত থেকে সুন্দরবন ও সাগরে টহল জোরদার করেছি।’