বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে দস্যুদের গুলিতে এক জেলে নিহত ও সাতজন আহত হয়েছেন। অপহৃত হয়েছেন এক জেলে। গতকাল রোববার সকাল ১০টার দিকে সৈকত থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে এ ঘটনা ঘটে।
নিহত মাইজল মাঝি (৩৬) চট্টগ্রামের বেঙ্গল কোম্পানির এফবি বসুন্ধরা-৪ ট্রলারের মাঝি ছিলেন। আহত জেলেদের মধ্যে গজনবী মাঝি (৫০), মাকসুদ মাঝি (৩০), শাহ আলম মাঝি (৩২) ও মিরাজকে (২৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গনি হাওলাদার (৩২), মো. আলমগীর হোসেন (২৬) ও কামাল হোসেনকে (২৫) মহিপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মহিপুর মৎস্যবন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারউদ্দিন আহমেদ দস্যুদের কবলে পড়া জেলেদের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামের বেঙ্গল কোম্পানির এফবি বসুন্ধরা-৪ ও মহিপুরের নিজামপুর গ্রামের শামসুদ্দিন আহমেদের এফবি শামসুদ্দিন ট্রলারের জেলেরা গতকাল সকালে কুয়াকাটা সৈকত থেকে ২০ কিলোমিটার গভীর সাগরে জাল ফেলে মাছ ধরছিলেন। ওই সময় ২০-২৫ জন সশস্ত্র ডাকাত দুটি ট্রলারে করে এসে অতর্কিতে জেলেদের ট্রলারে হামলা চালায় এবং জেলেদের কাছে চাঁদা দাবি করে। জেলেরা চাঁদার টাকা পরিশোধ করতে না পারায় দস্যুরা এলোপাতাড়ি বন্দুকের গুলি ছুড়লে এফবি বসুন্ধরা-৪ ট্রলারের মাইজল মাঝি গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান। গুলিতে আহত হন সাত জেলে।
এফবি শামসুদ্দিন ট্রলারের জেলে মো. আলমগীর হোসেন বলেন, দস্যুরা বন্দুকের বাঁট ও গাছের মোটা লাঠি দিয়ে জেলেদের সবাইকে বেধড়ক মারধর করে ট্রলারে থাকা মাছ ও জ্বালানি নিয়ে গেছে। চাঁদার টাকা না পেয়ে একপর্যায়ে দস্যুরা ট্রলারের মাঝি জিয়া উদ্দিনকে (৪৫) অপহরণ করে নিয়ে যায়।
জিয়া মাঝির বাড়ি কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুর গ্রামে। নিহত জেলে মাইজল মাঝির বাড়ি লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়।
মহিপুর নৌ-পুলিশ কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম বলেন, ‘এখন পর্যন্ত কেউ মামলা করেনি। নিহত জেলের লাশ এখন আমাদের হেফাজতে রয়েছে।’