বঙ্গোপসাগরে ৫০ মাঝিকে অপহরণ, ট্রলারে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় গত সোমবার গভীর রাতে অন্তত ৫০টি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে কমপক্ষে ৪০ লাখ টাকার ইলিশ, জাল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে সুন্দরবনকেন্দ্রিক সশস্ত্র জলদস্যুরা। এ সময় দুটি ট্রলারসহ ৫০ জন মাঝিকে অপহরণ করে দস্যুরা।
অপহৃতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। এঁরা হলেন দ্বীন ইসলাম, আনোয়ার হোসেন, সগির হোসেন, সোহরাব হোসেন ব্যাপারী, শহিদুল ইসলাম, নূর আলম, মো. আবদুল্লাহ, কালাম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মো. মুছা ও জাহাঙ্গীর মোল্লা। এঁদের মধ্যে মো. মুছার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায় এবং বাকি ১০ জনের বাড়ি বাগেরহাটের রায়েন্দা এলাকায়।
লুট হওয়া এসব ট্রলারের কয়েকজন জেলে গতকাল মঙ্গলবার দুপুরে পাথরঘাটায় ফিরে এসে জানান, সোমবার রাত নয়টার দিকে তাঁরা পূর্ব সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি এলাকায় অন্তত ১০০টি ট্রলার মাছ ধরছিল। এ সময় ২০-২৫ জন সশস্ত্র জলদস্যু দুটি বড় ট্রলারে করে সেখানে এসে দুদিক থেকে গুলি করে জেলেদের ওপর হামলা চালায়। এরপর অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ফেলে। পরে এফবি মারিয়া ও এফবি আবদুল্লাহ নামে জেলেদের দুটি ট্রলার দস্যুরা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর সেখানে অবস্থানরত অন্তত ৫০টি ট্রলারের মাঝিকে অস্ত্রের মুখে দস্যুরা ট্রলারে তুলে নিয়ে একে একে এসব ট্রলারে লুট চালায়। এ সময় ইলিশ মাছ, জাল, জ্বালানি ও অন্যান্য মালামালসহ অন্তত ৪০ লাখ টাকার মালামাল লুটে নেয় দস্যুরা। ভোর সোয়া চারটা পর্যন্ত তারা এ তাণ্ডব চালায়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ডাকাতি ও অপহরণের ঘটনা স্বীকার করে গতকাল বিকেলে বলেন, ‘কোন বাহিনী এই ডাকাতি ও অপহরণের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঈদের আগে এত বড় ডাকাতি ও বিপুলসংখ্যক জেলে অপহরণের ঘটনায় আমরা হতভম্ব।’ তিনি বলেন, ‘ইলিশ মৌসুম শুরু হলেও সাগরে ও নদ-নদীতে এখন পর্যন্ত ইলিশের চরম আকাল চলছে তার ওপরে জলদস্যুদের হামলা, লুটপাট ও অপহরণের ঘটনায় জেলে ও ট্রলার মালিকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।’
জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান বলেন, ‘এমনিতেই দেনার দায়ে জেলে পরিবারগুলো মানবেতর দিন কাটাচ্ছে। তার ওপর জলদস্যুদের তাণ্ডব, বৈরী আবহাওয়া ও ইলিশের আকালে এ অঞ্চলের জেলেদের মেরুদণ্ড ভেঙে গেছে। এখন এ ধরনের অপহরণের ঘটনায় এসব জেলে পরিবারের ঈদের আনন্দ মাটি হয়ে গেছে।’ তিনি অবিলম্বে এসব জেলেদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এবং একই সঙ্গে বঙ্গোপসাগরে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল বাড়ানোর দাবি জানান।’
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ গতকাল বিকেলে বলেন, ‘ডাকাতি ও অপহরণের বিষয়টি আমরা শুনেছি, তবে ঘটনাস্থল পশ্চিমাঞ্চলের আওতাভুক্ত হওয়ায় আমরা যৌথভাবে জেলেদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’