বঙ্গোপসাগর থেকে আট জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের প্রবালদ্বীপ সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে আট বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের নৌবাহিনী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের মৌলভীরশীল এলাকায় এ ঘটনা ঘটে। মিয়ানমারের নৌবাহিনীর জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারের মালিক বৃহস্পতিবার রাতেই বিষয়টি টেকনাফের ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নকে জানান।
এ ঘটনায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে বিজিবি। একই সঙ্গে জেলেদের দ্রুত হস্তান্তর করতে বলা হয়েছে।
গত বছরের নভেম্বর মাস থেকে চলতি বছরের ১০ মার্চ পর্যন্ত আট দফায় নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি মোট ২৭ জেলেকে (বৃহস্পতিবারের আটজনসহ) ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিজিপি ও নৌবাহিনী। ২৭ জনের মধ্যে ছয়জন সেন্ট মার্টিনের এবং বাকি ১৯ জন টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানান সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ। তিনি বলেন, সেন্ট মার্টিনের ছয় জেলেকে গত ৯ নভেম্বর মিয়ানমারের নৌবাহিনী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ তুলে নিয়ে যায়।
ট্রলারের মালিক আবুল হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটির ফিশারি ঘাট থেকে তাঁর ট্রলারটি মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের জলসীমার ‘মৌলভীরশীল’ এলাকার উদ্দেশে রওনা দেয়। বিকেলে তাঁর ট্রলারসহ আরও কয়েকটি ট্রলার সেখানে জাল ফেলে। ট্রলারে আটজন জেলে ছিল। তাঁরা হলেন আবদুর রশিদ (৩৮), সৈয়দ করিম (৪২), নুর হাসান (২৭), মোহাম্মদ উল্লাহ (৫০), জামাল হোসেন (৪২), দিল মোহাম্মদ (৩৬), সাদেক হোসেন (৩৫) ও মো. জাকের হোসেন (৫২)। সন্ধ্যার দিকে হঠাৎ মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ ট্রলারগুলোকে ধাওয়া করে। এ সময় অন্য ট্রলারগুলো পালিয়ে গেলেও তাঁর ট্রলারটিকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেয় জাহাজটি। আট জেলেকে জাহাজে তুলে নেওয়া হয়।
আবুল হোসেন বলেন, অন্য ট্রলারের জেলেদের মাধ্যমে ঘটনাটি শোনেন তিনি। পরে কোস্টগার্ড ও বিজিবিকে বিষয়টি জানান। গতকাল বিকেলে আরেকটি ট্রলারের সাহায্যে ডুবন্ত ট্রলারটিকে টেনে শাহপরীর দ্বীপ জেটির ফিশারি ঘাটে আনা হয়েছে। তিনি বলেন, ধরে নেওয়া জেলেদের বাড়ি টেকনাফের সাবরাং ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তিনি বলেন, জেলেদের সঙ্গে থাকা মুঠোফোনে যোগাযোগ করে জানতে পেরেছেন এখনো মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে রয়েছেন তাঁরা।
এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ গতকাল রাত আটটায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাঁদের জানিয়েছে, ওই জেলেরা তখন সে দেশের জলসীমায় মাছ ধরছিলেন। তিনি বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনার বিজিপির কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। যেকোনো সময় জেলেদের ফেরত দেওয়া হতে পারে বলে বিজিপি আশ্বস্ত করেছে।