বঙ্গোপসাগরে আটক ৯২ জেলেকে পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে জব্দ করা ১২টি ট্রলারের ৯২ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বেলা একটার দিকে টেকনাফ থানার পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে বাংলাদেশ নৌবাহিনী।

গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সেন্ট মার্টিনের ৫৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে বাংলাদেশ জল সীমানায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় নৌবাহিনীর টহল জাহাজ বানৌজা ধলেশ্বরী অভিযান চালিয়ে ৯২ জনকে আটক করে।

বানৌজা ধলেশ্বরী জাহাজের উপ-অধিনায়ক কমান্ডার মো. সাজ্জাদ হোসাইন আজ টেকনাফ কায়ুকখালীয়া ঘাটে স্থানীয় সাংবাদিকদের বলেন, জব্দ করা ১২টি ট্রলারে ৯২ জন জেলে ছিলেন। তাঁদের মিয়ানমারের সমুদ্র সীমানা অতিক্রম করে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে আটক করা হয়। আটক জেলেরা মিয়ানমারের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন। জব্দ করা ট্রলার, মাছ ও জালের আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বানৌজা ধলেশ্বরী জাহাজের অপারেশন কর্মকর্তা মো. আবদুল মতিন বাদী হয়ে অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা করবেন।