বঙ্গোপসাগরে গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে গুলিতে নুরুল ইসলাম (৫০) নামের এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২৪ জেলেকে আটক করেছে পুলিশ।
নুরুল ইসলামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোটমহেশখালী ইউনিয়নের আহমদিয়া কাটায়।
জেলেরা জানান, ১ মে আহমদিয়াকাটার আমির হামজার মালিকানাধীন এফবি হালিমা নামের একটি মাছ ধরা নৌকা ২৫ জেলে নিয়ে সাগরে মাছ ধরতে যায়। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে কুতুবদিয়া চ্যানেলের দক্ষিণ-পশ্চিমে নৌকাটি জলদস্যুদের কবলে পড়ে। এ সময় জলদস্যুদের গুলিতে নুরুল ইসলাম নিহত হন। পরে জলদস্যুরা পালিয়ে যায়।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মাছ ধরা নৌকাটি লাশ নিয়ে মহেশখালীর আদিনাথ জেটিতে নোঙর করে। পরে মহেশখালী থানার পুলিশ নুরুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য ওই মাছ ধরা নৌকার ২৪ জেলেকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, নুরুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের চিহ্ন আছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আটক জেলেরা বলছেন, নুরুল ইসলাম জলদস্যুদের গুলিতে নিহত হয়েছেন।