বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৫ জন। দস্যুরা ৩০ টির মতো ট্রলারে হামলা চালিয়েছে এবং ‘এফবি রাফিন’ নামে একটি ট্রলার সাগরে ডুবিয়ে দিয়েছে।

নিহত মো. সিডু মাঝির (৪২) বাড়ি উপজেলার ভবানিপুর ইউনিয়নে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, দস্যুর কবলে পড়া ট্রলারগুলো দৌলতখানে ফিরে আসছে।

ট্রলারের মালিক পক্ষের লোকজন এবং পুলিশ বলছে, গত বৃহস্পতিবার দৌলতখান থেকে সাগরে মাছ শিকারে যান মৎস্য ব্যবসায়ী কুদ্দুস মিয়ার মাছ ধরার ট্রলার এফবি ফারিহা। এতে মাঝি-মাল্লা ছিল ১৯ জন। ট্রলারটি শুক্রবার সন্ধ্যায় চরফ্যাশনের পশ্চিম-দক্ষিণ সাগরের কালকিনি এলাকায় মাছ ধরার জন্য খেও পাতে। এ অবস্থায় জলদস্যুরা হামলা চালায়।

এফবি ফারিহার মাঝি (প্রধান) মোসলেহ উদ্দিন বলেন, দস্যুদের তিনটি ট্রলার হঠাৎ তাঁদের ট্রলারকে ধাওয়া করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় দস্যুর ছোড়া গুলিতে মো. সিডু (৪২) ও মিজানুর রহমান (৩৫) বিদ্ধ হন। এতে সিডু ঘটনাস্থলেই মারা যান। সিডুর শরীরে একাধিক গুলি বিদ্ধ হয়েছে এবং মিজানের মাথায় লেগেছে একটি গুলি। তবে দস্যুরা বাকিদের ধরতে পারেনি, তাঁরা পালিয়ে এসেছেন।

মোসলেহ উদ্দিন আরও বলেন, ওই সময় একই স্থানে মাছ ধরা অবস্থায় ৩০টি ট্রলার দস্যুর কবলে পড়ে। দস্যুদের ছোড়া গুলিতে বিভিন্ন ট্রলারের কমপক্ষে ৩৫ জেলে গুলিতে আহত হয়েছেন।

এফ বি রাফিনের মালিক আলমগীর হোসেন বলেন, দস্যুরা ধাওয়া ও গুলি করে তাঁর ট্রলারটি সাগরে ডুবিয়ে দিয়েছে। তবে ট্রলারে থাকা ২০ জেলে সাঁতরে অন্য ট্রলারে উঠে রক্ষা পান।
জলদস্যুদের হামলার শিকার ট্রলারগুলোর মধ্যে রয়েছে এফবি মা-৩, এফবি মাসুদ হাসান, এফবি মা জননি ও এফবি সাদিয়া ইত্যাদি।