বঙ্গোপসাগরে জেলেকে পিটিয়ে হত্যা, আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে বঙ্গোপসাগরে গত বুধবার গভীর রাতে মোজাফ্ফর আহমদ (২৮) নামের এক জেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয় জেলেকে আটক করেছে পুলিশ।
মোজাফ্ফরের বাড়ি কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ায়।
উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার মোহাম্মদ আনসারের একটি মাছ ধরা নৌকা নিয়ে জেলেরা পাঁচ দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। পুলিশ সূত্রের ভাষ্যমতে, গত বুধবার রাত ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জেলের সঙ্গে মোজাফ্ফরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই মাছ ধরা নৌকার কয়েকজন জেলে পিটিয়ে ও মাথায় আঘাত করে মোজাফ্ফরকে হত্যা করেন। গতকাল বৃহস্পতিবার সকালে মাছ ধরা নৌকাটি কুলে ফিরে আসে। পরে মোজাফ্ফরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ আনসার বলেন, জলদস্যুদের হামলায় মোজাফ্ফর নিহত হয়েছেন।
এ ঘটনায় গতকাল বিকেল চারটা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
মহেশখালী থানার পুলিশ গতকাল বিকেলে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই মাছ ধরা নৌকার ছয় জেলেকে আটক করেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অন্য নৌকার জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহাম্মদ আনসারের মালিকানাধীন মাছ ধরা নৌকা সাগরের যে এলাকায় মাছ ধরছিল, সেখানে কোনো নৌকায় জলদস্যুরা হামলা চালায়নি। তাঁরা প্রাথমিক তদন্তে জেনেছেন, ওই মাছ ধরা নৌকার কয়েকজন জেলে মাথায় আঘাত করে মোজাফ্ফরকে হত্যা করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয় জেলেকে আটক করা হয়েছে। ওসি জানান, মোজাফ্ফরের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে।