বঙ্গোপসাগরে ট্রলারসহ তিন জেলে অপহৃত
বঙ্গোপসাগরে মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ তিনজন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। গত মঙ্গলবার রাতে জাহাজমারা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তারা কক্সবাজারের অন্য একটি ট্রলারের ইঞ্জিন খুলে নিয়ে যাওয়ায় দুই দিন ধরে ওই ট্রলারের ৩১ জন জেলে সাগরে ভাসছেন।
অপহৃত এফবি মামণি ট্রলারের জেলে মো. নান্নার বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল বৃহস্পতিবার দুপুরে এ খবর জানান।
জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি সূত্রে জানা গেছে, জাহাজমারা এলাকায় মঙ্গলবার রাতে জলদস্যুরা জেলেবহরে হামলা ও লুটপাট চালায়। তারা এফবি মামণি ট্রলারসহ কালাম মাঝি, মাসুম মিস্ত্রি ও জাকির হোসেন নামের তিন জেলেকে অপহরণ করে। একই সঙ্গে জাল, মাছ, রসদসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। এ সময় জলদস্যুরা কক্সবাজারের এফবি কিশোয়ান নামের অন্য একটি ট্রলারের ইঞ্জিন খুলে নিয়ে যায়। এতে ওই ট্রলারে থাকা ৩১ জন জেলে দুই দিন ধরে ট্রলার নিয়ে সাগরে ভাসছেন। এফবি কিশোয়ান ট্রলারে অপহৃত মামণি ট্রলারেরও বেশ কয়েকজন জেলে আছেন। ভাসমান জেলেদের মধ্যে ২০ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন মো. নান্না, খোকন মিয়া, জহিরুল হক, শহীদ হোসেন, কবির হোসেন, জামাল হোসেন, মো. মামুন, মতি মিয়া, মো. মহিউদ্দিন, জোবায়ের, মনির হোসেন, আবুল কালাম, বাদশা মিয়া, আ. রহমান, দুলাল মিয়া, মো. কালাম, মো. আবুল হোসেন, জাহাঙ্গির হোসেন, মো. মাইনুদ্দিন ও আবু কালাম। তাঁদের বাড়ি কক্সবাজার ও বরগুনায়।
গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি কিশোয়ান ট্রলারের মালিক কক্সবাজারের আবদুল মজিদ চেয়ারম্যানকে ঘটনা মুঠোফোনে জানানো হয়েছে। এ ছাড়া বরিশাল র্যা ব-৮ ও পাথরঘাটা স্থানীয় কোস্টগার্ডকেও বলা হয়েছে।
কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আবদুর রউফ গতকাল বিকেলে বলেন, কোস্টগার্ডের কক্সবাজার স্টেশনের সঙ্গে সমন্বয় করে খোঁজ নেওয়া হচ্ছে।