বঙ্গোপসাগরে ট্রলারসহ ১৮ জেলেকে অপহরণ
নোয়াখালীর হাতিয়ায় জলদস্যুরা ১৮ জেলেসহ এমবি রুনা নামের একটি মাছ ধরা ট্রলার অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। একই সময় জলসদ্যুরা ওই এলাকায় আরও কয়েকটি ট্রলার থেকে ইলিশ মাছ, জালসহ বিভিন্ন মালামাল লুট করেছে।
কোস্টগার্ডের হাতিয়া স্টেশনের কমান্ডার লে. তানভির আহমেদ প্রথম আলোকে বলেন, নিঝুম দ্বীপের প্রায় ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে হাতিয়ার ১৮ জেলে অপহৃত হওয়ার খবর তাঁরা পেয়েছেন। কিন্তু এলাকাটি তাঁদের সীমানায় না হওয়ায় বিষয়টি দেখার জন্য কুতুবদিয়া এলাকার কোস্টগার্ডকে অনুরোধ জানানো হয়েছে।
হাতিয়া বোট মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন গতকাল রাত পৌনে ১০টায় প্রথম আলোকে বলেন, চট্টগ্রামের জলদস্যু কালু বাহিনীর ২০-২৫ জন সদস্য গতকাল দুপুর ১২টার দিকে নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে জেলেদের ওপর হামলা চালায়। জলদস্যুরা আরও কয়েকটি ট্রলারের জেলেদের মারধর করে মাছ, জাল ও অন্যান্য মালামাল লুট করে। তারা চলে যাওয়ার সময় এমবি রুনা নামের একটি ট্রলার থেকে ১৮ জেলেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রাশেদ উদ্দিন বলেন, এমবি রুনা, এমবি মায়া, এমবি সুলতানা, এমবি রাব্বি, এমবি সাখাওয়াত, এমবি রহিম, এমবি মা জননী ও এমবি মায়ের দোয়াসহ আরও কয়েকটি ট্রলার জলদস্যুরা হামলা চালায়। তিনি বলেন, এসব ট্রলার গতকাল সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা কাটাখালী ঘাটে এসে পৌঁছানোর তাঁরা ডাকাতি ও অপহরণের ঘটনা তিনি জানতে পারেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি-হেডকোয়ার্টার) মো. জসিম উদ্দিন চৌধুরী বঙ্গোপসাগরে কয়েকটি ট্রলারে ডাকাতির ঘটনা প্রথম আলোকে নিশ্চিত করেন। কিন্তু জেলে অপহরণের বিষয়টি তিনি নিশ্চিত হতে পারেননি বলে জানান।