বঙ্গোপসাগরে থেকে দুই ভারতীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডার দক্ষিণে বঙ্গোপসাগর থেকে একটি মাছ ধরার ট্রলারসহ দুই ভারতীয় ও ১১ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে স্থানীয় জেলেরা তাঁদের আটক করে পুলিশে দেন।

রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেনের ভাষ্য, আটক হওয়া দুই ভারতীয় জেলে হলেন নিরঞ্জন দাস ও দিলীপ দাস। ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় তাঁদের বাড়ি। বাংলাদেশি জেলেরা হলেন ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার পঙ্কজ দাস, স্বপন দাস, শাহ জালাল খান, আবদুর রব, নীরব, মো. হারুন, ইসমাইল হোসেন, আলমগীর হোসেন, ছাদেক হোসেন, জসিম উদ্দিন ও মোহাম্মদ হোসেন।

পরিদর্শক জাকির হোসেনের তথ্য, আজ সকালে স্থানীয় জেলেরা চরআন্ডার কাছে বঙ্গোপসাগরে এমভি সীতারাম নামের মাছ ধরার আধুনিক একটি ট্রলার থেকে ইলিশ জাল ফেলতে দেখেন। এ সময় জেলেদের একটি বহর ট্রলারটিকে ঘিরে ওই ১৩ জেলেকে আটক করেন। স্থানীয় লোকজনের জিজ্ঞাসাবাদে নিরঞ্জন ও দিলীপ নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। এরপর স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের আটক করে।

জাকির হোসেন আরও জানান, আটক বাংলাদেশি জেলেরা দাবি করেন, ভোলার লালমোহন উপজেলার বজলু হাওলাদার নামের এক ব্যক্তি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ এমভি সীতারাম নামের মাছ ধরার আধুনিক এ ট্রলারটি কিনে এনেছেন। ট্রলারটি চালানোসহ বিভিন্ন কৌশল শেখাতে ট্রলারটির সঙ্গে চালক নিরঞ্জন দাস ও ইঞ্জিনচালক দিলীপ দাসকে তিনি বাংলাদেশে নিয়ে এসেছেন। তবে, তাঁরা ভারতীয় ওই দুই জেলের বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ট্রলারটিসহ আটক ব্যক্তিদের থানায় আনা হচ্ছে। থানায় পৌঁছালে জিজ্ঞাসাবাদে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।