বঙ্গোপসাগরে দস্যু বাহিনীর তাণ্ডব, ৫০ জেলে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সশস্ত্র জলদস্যুরা গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় জেলেদের ট্রলারে লুটপাট চালিয়ে অন্তত ৫০ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।

তবে অপহৃত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের বাড়ি বরগুনা সদর, পাঘরঘাটা, বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে।

গত বৃহস্পতিবার দুপুরে বরিশালে র‍্যাবের আঞ্চলিক সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনকেন্দ্রিক দুটি জলদস্যু বাহিনীর প্রধান ও তাদের সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করার ১২ ঘণ্টার ব্যবধানে বঙ্গোপসাগরে দস্যুরা এই তাণ্ডব চালায়।

 অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদুজ্জামান।

তাঁরা বলেন, সুন্দরবনের শ্যালা খাল এলাকায় জেলেদের বহরে হানা দিয়ে মুক্তিপণের দাবিতে অর্ধশতাধিক জেলেকে অপহরণ করা হয়েছে। জলদস্যুরা নিজেদের সাগর বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। অস্ত্রের মুখে ওই জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও ফিশিং বোট মালিক সমিতির নেতারা বলেন, ১৫ দিন ধরে সাগর বাহিনীর পরিচয়ে মুঠোফোনে তাঁদের কাছে চাঁদা দাবি করা হচ্ছিল। এ জন্য কয়েকটি বিকাশ নম্বরও দেওয়া হয় তাঁদের।

পরিচয় গোপন রাখার শর্তে সাতজন ট্রলারমালিক ও জেলে বলেন, পূর্ব সুন্দরবনের শ্যালা খাল এলাকায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিয়োজিত ট্রলারের বহরে হানা দেয় ১০-১৫ জনের সশস্ত্র দস্যু দলটি। দস্যুরা অস্ত্রের মুখে ট্রলারের সব মাছ লুট করে। গতকাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এই লুটপাট চলে। এ সময় ট্রলারগুলো থেকে অন্তত ৫০ জন মাঝিমাল্লাকে দস্যুরা অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যায়। একই সঙ্গে ইলিশ বোঝাই করা কয়েকটি ট্রলারও নিয়ে যায় দস্যুরা। তবে এসব ট্রলারের নাম-পরিচয় জানা যায়নি।

বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রী ও র‍্যাব প্রধানের উপস্থিতিতে গত বৃহস্পতিবার দুপুরে বরিশালে র‍্যাবের আঞ্চলিক সদর দপ্তরে সুন্দরবনকেন্দ্রিক আলম ও শান্ত নামে দুটি দস্যু বাহিনীর প্রধান ও তাদের সদস্যরা আত্মসমর্পণ করে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুই সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে সাগর বাহিনীর সদস্যরা মুঠোফোনের বিকাশ নম্বরে চাঁদা চেয়ে আসছিল। ওই চাঁদা পরিশোধ না করে জেলে ও ট্রলারমালিকদের সাগরে মাছ ধরতে নিষেধ করা হয়।

 কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় কমান্ডার ক্যাপ্টেন মেহেদী মাসুদ বলেন, সাগরে ডাকাতির কথা জানার পর কোস্টগার্ডের পক্ষ থেকে দস্যুদের আটক ও অপহৃত ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।