বঙ্গোপসাগরে ভারতীয় ট্রলারডুবি, ৫ লাশ উদ্ধার
বঙ্গোপসাগরে গত শনিবার সন্ধ্যায় ডুবে যাওয়া ভারতীয় মাছ ধরার ট্রলার থেকে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। রোববার সকালে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। এদিকে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে আরেক ভারতীয় জেলেকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
উদ্ধার করা পাঁচ মৃতদেহ ও জীবিত দুজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে কুয়াকাটা থেকে উদ্ধার হওয়া ব্যক্তি তাঁর নাম হরি কমল দাস (৩২) বলে জানিয়েছেন।
মোংলা কোস্টগার্ড পশ্চিমাঞ্চলের কার্যালয় সূত্র জানায়, মোংলা বন্দর থেকে প্রায় ১২৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গবন্ধু চর এলাকায় একটি ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হন ১৭ ভারতীয় জেলে। এ খবর পাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকেই তাঁদের উদ্ধারে ওই এলাকায় অভিযান শুরু করেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাতে অভিযান স্থগিত করা হয়। গতকাল ভোরে আবার অভিযান শুরু হলে পাঁচটি মৃতদেহ ভাসতে দেখেন তাঁরা। সেখানকার জেলেদের সহায়তায় মৃদেহ ও দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়।