বঙ্গোপসাগরে ২০টি ট্রলারসহ শতাধিক জেলেকে অপহরণ
সুন্দরবনে বনদস্যু ও জলদস্যু দমনে র্যা ব-৬-এর অভিযান শেষ হতে না হতেই বঙ্গোপসাগর থেকে জলদস্যুরা অন্তত ২০টি মাছ ধরার ট্রলারসহ ১০৬ জেলেকে অপহরণ করেছে।
গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার ভোরের মধ্যে পূর্ব সুন্দরবনের অন্তর্গত ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ জেলেদের অপহরণ করা হয়। অপহরণের শিকার জেলেদের অধিকাংশের বাড়ি বরগুনা, পটুয়াখালী ও ভোলায়।
নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠােনা খবর:
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ট্রলারসহ জেলে অপহরণের ঘটনা নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের একটি সূত্র গতকাল দুপুরে জানায়, শতাধিক জেলে অপহৃত হয়েছেন বলে তারা জানতে পেরেছে।
সোমবার রাতে খুলনার র্যা ব-৬-এর একটি দল পশ্চিম সুন্দরবনের কয়রা উপজেলা এলাকার সুন্দরবনের বাদুড় ঝুলি খাল এলাকায় অভিযান চালায়। সেখানে বনদস্যু ইলিয়াস বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার এবং ২৩টি আগ্নেয়াস্ত্র ও দেড় হাজারটি বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করা হয়। এ ঘটনার পরই মধ্যরাতে ফেয়ারওয়ে বয়া এলাকায় জেলেদের ওপর হামলা চালায় জলদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা।
মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, পাথরঘাটা থেকে ১১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় সোমবার গভীর রাতে সুন্দরবনের জলদস্যু মাস্টার বাহিনীর ২৫-৩০ জনের একটি দল জেলেদের ওপর হামলা চালায়। এ সময় অন্তত ২০টি ট্রলারসহ শতাধিক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে তারা। যাওয়ার সময় অন্য জেলেদের কাছে দুটি মুঠোফোন নম্বর দিয়ে যায়।
গোলাম মোস্তফা আরও বলেন, অপহৃত জেলেদের ১২ জনের নাম জানা গেছে। এঁরা হলেন হারুন মিয়া, ফোরকান বাবুর্চি, স্বপন মিয়া, মো. ফোরকান, মোশারফ হোসেন, রফিক মাঝি, মোজাম্মেল মাঝি, সুদীপ চন্দ্র, জব্বর মিয়া, রুহুল আমিন, রফিক উদ্দিন ও ফারুক হোসেন।
দস্যুদের কবল থেকে ফিরে আসা কয়েকজন জেলে বলেন, আল আমীন (২৫), মো. নাঈম (২২) এবং মো. বজলুর রহমান (৪৫) নামে এফবি এলমা আক্তারের তিন জেলেকে দস্যুরা সাগরে ফেলে দিয়েছে।
ডাকাতদের কবল থেকে ফিরে আসা এফবি এলমা আক্তার ট্রলারের মাঝি জসিম উদ্দিন বলেন, ‘মাছ ধরা শ্যাষ হওনে আমরা ট্রলার চালাইয়া আলীপুর মৎস্য বন্দরে ফেরতে আছেলাম। রাইত তহন চাইরটা বাজে। হঠাৎ কইর্যায় দহিন দিক গোনে একটা ট্রলারে ১০-১৫ জন ডাকাইত আইয়া আমাগো ট্রলার থামাইতে কয়। আমরা ট্রলার না থামাইয়া চালাইতে থাকলে ট্রলারের উপার গুলি চালায়। ডাকাইতেরা আইয়া আমাগো ধইর্যার হালায়। ট্রলারে কোম অইলেও দুই লাখ টাহার মাছ আছেলে। জাল-জ্বালানিসহ অন্য আরও সাত-আট লাখ টাহার মালামাল আছেলে। ডাকাইতরা আমাগো ১১ জন জাইল্যারে আরেকটা ট্রলারে উডাইয়া দিয়া ট্রলারসহ জ্বালানি, মাছ, জাল লইয়া চইল্যা যায়।’
এফবি রিয়াজ উদ্দিন ট্রলারের মালিক পনু আকন বলেন, দস্যুদের মুঠোফোন নম্বর পেয়ে তাঁরা অন্য ট্রলারমালিকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লে. এ এম রাহাতুজ্জামান বলেন, ফেয়ারওয়ে বয়া এলাকায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দল কাজ করছে।