বছর গড়ায়, সরে না ট্রাকস্ট্যান্ড

মিরপুর ১১ নম্বর সেকশনের কালশী মোড় থেকে বাউনিয়া বাঁধ নতুন রাস্তার একপাশে গড়ে ওঠা ট্রাক-পিকআপ স্ট্যান্ড ঢেকে ফেলেছে ফুটপাতসহ সড়কের পুরোটা। কয়েক বছর ধরে এ অবস্থা চললেও সড়কের ওপর এই অবৈধ ট্রাকস্ট্যান্ড সরাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
গত রোববার সরেজমিনে দেখা যায়, কালশী মোড় থেকে বাউনিয়া বাঁধ এলাকায় প্রবেশের মুখ থেকে কয়েক শ মিটার দূরের লালমাটিয়া পর্যন্ত এই ট্রাকস্ট্যান্ডের বিস্তৃতি। ওই অংশ দিয়ে যানবাহন কিংবা পথচারী চলাচলের কোনো উপায় নেই। যে কারণে পুরো চাপটা এসে পড়েছে বিপরীত পাশের সড়কে। সড়কের এই অংশেও গড়ে উঠেছে গাড়ি ও রিকশা মেরামতের দোকান। সড়কের ওপর সারি করে রিকশা ও গাড়ি রেখে চলছে মেরামতের কাজ।
দেখা যায়, নতুন রাস্তা অংশে কালশী ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের একটি প্রবেশপথ থাকলেও তা ঢাকা পড়ে গেছে ট্রাক-পিকআপ ভ্যানের কারণে। ট্রাকস্ট্যান্ডের পাশেই গড়ে তোলা হয়েছে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের শাখা কার্যালয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ উপলক্ষে কালশী সড়ক সংস্কার ও নতুন ফুটপাত তৈরির পাশাপাশি এর আশপাশের কিছু এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে ট্রাকস্ট্যান্ডটি কিছুদিনের জন্য সরে গেলেও আবার তা আগের অবস্থায় ফিরে আসে।
এলাকার বাসিন্দা ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, একটা আবাসিক এলাকার গা ঘেঁষে মূল সড়কের ওপর এমন একটি অবৈধ ট্রাকস্ট্যান্ড কীভাবে গড়ে ওঠে, আর কীভাবেই বা সেটা টিকে থাকতে পারে, তা একটা বিস্ময়।
বাউনিয়া বাঁধ এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নম্বর অঞ্চলের আওতাধীন। এর আগে ২০১৫ সালের ১৮ আগস্ট এই অবৈধ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সে সময় তৎকালীন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুল ইসলাম বলেছিলেন, ‘অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে। গত সপ্তাহেই অবৈধ দখলদারদের তালিকা করে সম্পত্তি বিভাগে পাঠানো হয়েছে। কয়েক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’
আর গত রোববার ডিএনসিসির ২ নম্বর অঞ্চলের বর্তমান আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির বলেন, ‘বিষয়টি আমারও নজরে পড়েছে। কিন্তু আমি নতুন দায়িত্ব নিয়েছি। খোঁজখবর করে জানাতে পারব এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে।’
বছরের পর বছর ধরে সড়কের ওপর থাকা এই অবৈধ ট্রাকস্ট্যান্ডের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করলেন বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান। তিনি বলেন, ‘জনগণের রাস্তা দখল করে ট্রাকস্ট্যান্ড করার কোনো যুক্তিই থাকতে পারে না। যদি এটা হয়ে থাকে, তাহলে তা দ্রুত সরিয়ে ফেলার ব্যবস্থা করা হবে। এটা পরিদর্শনের জন্য আমরা সমিতির পক্ষ থেকে লোক পাঠাব।’