বছিলায় মাদকের 'হোম ডেলিভারি'

‘হোম ডেলিভারি’র মাধ্যমে ক্রেতা ঘরে বসেই পেয়ে যান যেকোনো পণ্য। তবে মোহাম্মদপুরের বছিলাবাসীর কাছে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে এই হোম ডেলিভারি শব্দ দুটি। এলাকার মাদক বিক্রেতারা মাদকসেবীদের চাহিদামতো ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন যেকোনো ধরনের মাদক।
এলাকার এই মাদক-সমস্যা নিয়ে গতকাল শনিবার বছিলা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজন করা হয় একটি সমাবেশ। এ সময় এলাকাবাসী তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহ চিত্র তুলে ধরেন। সমাবেশটির আয়োজন করে ক্রিয়েটিভ ক্লাব ইন বছিলা নামের একটি সামাজিক সংগঠন।
মোহাম্মদপুরের শহীদ বুদ্ধিজীবী সেতুর (বছিলা ব্রিজ নামেই বেশি পরিচিত) নিচের বছিলা এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বছিলা এলাকার মাদক-সমস্যা নির্মূল এবং জনসচেতনতা সৃষ্টির জন্য ‘মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ে তুলুন’ স্লোগানে সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, বছিলা এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এর জন্য মাদকের সহজলভ্যতার পাশাপাশি কর্তৃপক্ষের উদাসীনতাও দায়ী। আগের দিন যে মাদক বিক্রেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, পরের দিনেই তাকে আবার এলাকায় ঘুরতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন করতালি দিয়ে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশের বিরুদ্ধে নির্লিপ্ত থাকা, দেখেও না দেখার ভান করা, মাদক বিক্রেতাদের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকার অভিযোগ আছে। পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘মাদক-সমস্যা একদিনে নির্মূল করা সম্ভব নয়। তবে বছিলার মাদক-সমস্যা একটু হলেও যাতে কমে সে ব্যবস্থা আমরা নেব। কিন্তু পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব না। এলাকাবাসীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।’
এলাকাবাসীর পক্ষে বক্তব্য দিতে গিয়ে এম এস আহমাদ আলী বলেন, এলাকার তরুণেরা মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন তা আরও আগে নেওয়া উচিত ছিল। তরুণদের এই উদ্যোগে অনেক বাধা আসবে। এলাকাবাসীসহ সবাই মিলে তার মোকাবিলা করতে হবে।
মাদকবিরোধী এই আলোচনা সভার উদ্যোক্তাদের অনেক হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান। তিনি বলেন, ‘সমাবেশের আয়োজকদের মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হুমকি দেওয়া হয়েছে। আমাদের এই বছিলা এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশ ও এলাকাবাসীর সবাইকে একত্রে কাজ করতে হবে।’
সমাবেশে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামালউদ্দিন মীর, অভিনয়শিল্পী টেলি সামাদ, বছিলা বড় জামে মসজিদের খতিব আবু সায়েম, বছিলা উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বছিলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় অনেক বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। এসব নির্মাণাধীন ভবনে মাদকসেবীদের আড্ডা বসে। আর নদীর কিনারের ফাঁকা এলাকায় দিনের বেলাতেও মাদক নিতে দেখা যায়।