বজ্রপাতে মৃত নারীর কঙ্কাল কবর থেকে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বজ্রপাতে মৃত এক নারীর কঙ্কাল কবর থেকে চুরি হয়েছে। বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে এ ঘটনা ঘটেছে। গত রোববার সন্ধ্যায় ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মোস্তফা কামাল। তিনি বলেন, গত বছরের ১৯ জুন নন্দতেঘরী গ্রামের আবদুস সাত্তারের স্ত্রী ফাতেমা বেগম (৪৫) বজ্রপাতে প্রাণ হারান। নিজ বাড়ির সীমানার এক পাশে তাঁকে কবর দেওয়া হয়।
নিহত ফাতেমার ছেলে ফজলুর রহমান বলেন, ‘শুনিছি, চোরেরা এ রকম লাশ চুরি করে। তাই লাশ রক্ষার জন্য গ্রামের গোরস্থানে কবর না দিয়ে বাড়ির সীমানার মধ্যে দাফন করি। এত দিন পর চোরেরা বাড়ির পাশ থেকে লাশ চুরি করে নিয়ে যাবে, ভাবতেও পারিনি।’
ওই গ্রামের শিক্ষক শাজাহান আলী বলেন, দুর্বৃত্তরা কবরটি খুঁড়ে কঙ্কাল নিয়ে গেছে। কবরটি ছিল বাড়ির সীমানার দক্ষিণ পাশে।
গ্রামবাসী সূত্র জানায়, গত শনিবার রাতে গ্রামে টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির সময় কঙ্কাল চুরি হয়ে থাকতে পারে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘কঙ্কাল চুরির কথা আমি শুনেছি।’
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক রেজাউল করিম বলেন, ‘কঙ্কালে ম্যাগনেট রয়েছে—এমন মিথ্যা ধারণায় কঙ্কাল চুরির ঘটনা ঘটে আসছে। এটা কুসংস্কার ছাড়া আর কিছুই না।’