শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। গত বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় নির্বাচনী বোর্ড প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে। এ কারণে মনোনয়নবঞ্চিত কয়েকজন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন।
দলীয়ভাবে চূড়ান্ত করা প্রার্থীরা হচ্ছেন পোড়াগাঁও ইউনিয়নে মো. ওমর ফারুক, নন্নীতে মো. আবদুর রশিদ সরকার, রাজনগর ইউনিয়নে আতাউর রহমান, নয়াবিল ইউনিয়নে মো. ইউনুস আলী দেওয়ান, রামচন্দ্রকুড়া ইউনিয়নে ফজলুল হক, কাকরকান্দি ইউনিয়নে মো. আনিসুর রহমান, নালিতাবাড়ী ইউনিয়নে মো. আশরাফ আলী, রূপনারায়ণকুড়া ইউনিয়নে আবদুর রহমান, মরিচপুরান ইউনিয়নে আইয়ুব আলী, যোগানিয়া ইউনিয়নে সামেদুল ইসলাম মুন্সি, বাঘবেড় ইউনিয়নে মো. আমিনুল ইসলাম, কলসপাড় ইউনিয়নে রিয়াজুল করিম।
কয়েকজন মনোনয়নবঞ্চিত প্রার্থী অভিযোগ করেন, উপজেলায় বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে নির্বাচনী বোর্ডের সুপারিশে প্রার্থী চূড়ান্ত করার কথা। কিন্তু এ উপজেলার আহ্বায়কসহ অন্য নেতারা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলোচনা না করেই প্রার্থী চূড়ান্ত করেছেন। তাঁরা ঢাকায় বসে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরীর পরামর্শে টাকার বিনিময়ে ১২টি ইউনিয়নের তালিকা চূড়ান্ত করেন। এটা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।
তৃণমূলের মতামত না নিয়ে প্রার্থী চূড়ান্ত করায় কয়েকজন মনোনয়নবঞ্চিত নেতা ও তাঁদের কিছু সমর্থক রাত সাড়ে আটটার সময় পৌর শহরের উত্তর বাজার এলাকায় বিএনপির কার্যালয়ে হামলা চালান। তাঁরা তালা ভেঙে ভেতরে থাকা চেয়ার ও টেবিল ভাঙচুর করেন।
উপজেলা বিএনপির সদস্য মো. মিজানুর রহমান এবার নয়াবিল ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি অভিযোগ করেন, ‘টাকার বিনিময়ে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এটা কোনোভাবেই মানা হবে না।’ তিনি দাবি করেন, ‘দলীয় কার্যালয় কে বা কারা ভেঙেছে আমরা জানি না।’
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, এলাকার সাবেক সাংসদ প্রয়াত জাহেদ আলীর ছেলে ফাহিম চৌধুরীর পরামর্শে ঢাকাতে বসে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে কেন্দ্রের সিদ্ধান্তবিরোধী কাজ।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন রাত নয়টার সময় জানান, উপজেলার ১২টি ইউনিয়নের প্রার্থী দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে। এলাকার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় সম্ভাব্য প্রার্থী ফাহিম চৌধুরীর সঙ্গে আলোচনা করেই ইউপি চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। টাকার বিনিময়ের বিষয়টি সম্পূর্ণ বানোয়াট। ভাঙচুরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গতকাল শুক্রবার বিকেলে ফাহিম চৌধুরীর সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।