বঞ্চিত হওয়ায় প্রতিবাদ বিক্ষোভ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার উপজেলার চারটি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। দলীয় মনোনয়নবঞ্চিত নেতাদের সমর্থকেরা এই ঘটনায় গতকাল শনিবার বিক্ষোভ মিছিল, ভাঙচুর, সড়ক অবরোধ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন।
এই পরিস্থিতিতে উপজেলার ফতেহাবাদ, বরকামতা, সুলতানপুর ও বড়শালঘর ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে অস্থিরতা বিরাজ করছে। তৃণমূলের প্রার্থীদের বঞ্চিত করায় সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন।
আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতা জানান, তৃণমূলের সমর্থন থাকার পরও সুলতানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সরকারদলীয় মনোনয়ন পাননি। এ কারণে তাঁর অনুসারীরা চেয়ারম্যানের গ্রামের বাড়ি তুলাগাঁও এলাকা ঘেরাও করে তাঁকে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। একপর্যায়ে তাঁকে তুলাগাঁও মহব্বত আলী এম এ উচ্চবিদ্যালয়ে নিয়ে গিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। মনোনয়ন বিক্রি করার অভিযোগ ওঠায় সমর্থকেরা তাঁর বাড়িও ভাঙচুর করেছে।
আওয়ামী লীগের অন্তত তিনজন নেতা জানান, ফতেহাবাদ ইউনিয়নে তৃণমূল থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মফিজুল ইসলামকে। কিন্তু তাঁর স্থলে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ওই ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খন্দকার এম এ সালামকে। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বেলা ১১টায় ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ক্ষুব্ধ নেতা-কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা সালামের নাম প্রত্যাহার করে মফিজুল ইসলামকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সুলতান আহাম্মদ ভুইয়া বলেন, ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সদস্যরা ওই মনোনয়নের বিপক্ষে অবস্থান নিয়েছেন।
বরকামতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল থেকে আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন ওই ইউনিয়নের সাবেক সদস্য মো. নুরুল ইসলাম। তাঁর স্থলে মনোনয়ন পেয়েছেন বিএনপি নেতা জয়নাল আবেদীন। ২০০১ সালে ত্রাণের চাল চুরির অভিযোগে তাঁকে বরখাস্ত করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে আজ রোববার বেলা দুইটায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে সভা ডেকেছেন। মো. নুরুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
বড়শালঘর ইউনিয়নে তৃণমূল থেকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুসকে। তাঁর স্থলে মনোনয়ন পেয়েছেন ওই ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া। ওই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বেলা তিনটায় বড়শালঘর এলাকায় মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগের দলীয় সমর্থন না পেয়ে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা দেবীদ্বারের বিভিন্ন এলাকায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি করে। পুলিশ ওই সব স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১১ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন জেলার ৭৫২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী প্রথম পর্যায়ে আগামী ২২ মার্চ দেবীদ্বার উপজেলার ১৩টি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হবে।