বটগাছ কেটে মণ্ডপের জমি দখলের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৬০ বছরের বেশি বয়সী তিনটি বটগাছ কেটে আওয়ামী লীগের এক নেতা পূজামণ্ডপের জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা এলাকায় ৩১টি হিন্দু পরিবারের বসবাস। বংশপরম্পরায় প্রায় ২০০ বছর ধরে শ্রীফলতলী জমিদারদের জমিতে পূজা-অর্চনা করে আসছে এসব পরিবার। অনেক বছর আগে এখানকার ২১ শতাংশ জমি পূজামণ্ডপের জন্য দান করে যান জমিদার খালেক নেওয়াজ চৌধুরী। এটি মণ্ডপের নামে এসএ খতিয়ানভুক্তও করা আছে। জমিতে ৫০ বছরের বেশি পুরোনো তিনটি বটগাছের নিচেই মূলত পূজা-অর্চনা করে থাকেন হিন্দুধর্মাবলম্বীরা।
বাগচালার হিন্দু পরিবারগুলোর অভিযোগ, সম্প্রতি ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান জমি দখল করতে লোকজন নিয়ে বটগাছগুলো কেটে ফেলা শুরু করেছেন। ইতিমধ্যে বেশ কিছু ডালপালা কেটে ফেলা হয়েছে। গাছ কাটতে বাধা দেওয়ার পর থেকে হুমকি দেওয়া হচ্ছে। এ হুমকির কারণে বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে হিন্দু পরিবারগুলো।
এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কালিয়াকৈর থানায় গত রোববার পৃথক দুটি অভিযোগ দাখিল করেছে পরিবারগুলো। পরে গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে তারা মানববন্ধন করে। এ সময় পূজামণ্ডপের গাছ কেটে হিন্দুধর্মের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আদিবাসী ফোরাম।
এলাকার সনাতন ধর্মাবলম্বী সমাজের সভাপতি যতীন্দ্র চন্দ্র বর্মণ বলেন, ‘আমাদের পূর্বপুরুষেরা এখানে পূজা করেছেন। আমরাও বটগাছগুলোর নিচে পূজা পালন করে আসছি। আমরা এটা রক্ষা করতে চাই।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান জানান, ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিক হয়েছেন। তাই সেখানে স্থাপনা তৈরির জন্য বটগাছগুলো কেটে ফেলা হচ্ছে।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন জানান, ওই ঘটনায় থানায় দায়ের করা অভিযোগের ওপর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।