বটি দিয়ে মাকে কুপিয়ে হত্যা!
মুন্সিগঞ্জে রতন নামের এক ব্যক্তি বটি দিয়ে কুপিয়ে তাঁর মায়ের মাথা বিচ্ছিন্ন করে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ছেলের বোন।
আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের থানা কাউন্সিল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রতনকে আটক করেছে।
নিহত জাহানারা বেগম (৫০) থানা কাউন্সিল এলাকার মৃত সাবেত আলীর স্ত্রী। এ ঘটনায় আহত জাহানারা বেগমের মেয়ে মণি আক্তারকে (২৩) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই হাসপাতালে চিকিৎসাধীন মণি আক্তারের ভাষ্য, তাঁর বড় ভাই রতন একটি দরজির দোকানে কাজ করতেন। রতন সেখানে নিয়মিত কাজে যেতেন না। আজ মণি আক্তার তাঁর বাচ্চার জন্য জামা বানাতে মায়ের সঙ্গে ওই দোকানে যান। কাজ শেষে রাতে বাড়ি ফিরে মণি ও মায়ের কাছে রতন জানতে চান, কেন তাঁর দোকানে তাঁরা গিয়েছিলেন। তিনি ওই দোকানে যেতে তাঁদের নিষেধ করেছিলেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রতন মণিকে মারধর শুরু করেন। এ সময় মা থামানোর চেষ্টা করলে রতন তাঁকেও মারধর করেন। একপর্যায়ে রতন ঘরে থাকা বটি দিয়ে মণিকে কোপ দেন। এ সময় বাধা দিতে গেলে রতন তাঁর মাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। একপর্যায়ে রতন কুপিয়ে মায়ের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রতনেরা চার ভাই ও এক বোন। রতন মাদকাসক্ত। পাঁচ বছর আগে রতন বিয়ে করেছিলেন। তিনি নেশা করে প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন। এ কারণে রতনের স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর রতনের মাদকসেবনের মাত্রা আরও বেড়ে যায়।
জাহানারা বেগমের আরেক ছেলে স্বপন বলেন, ‘আমার ভাই সব সময় নেশা করত। নেশার টাকা ঠিকমতো না পেলেই আমাদের সঙ্গে ঝগড়া করত।’
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুস্তাফিজুর রহমান বলেন, ছেলেটি (রতন) নেশাগ্রস্ত ও ভবঘুরে প্রকৃতির। আমার ঘটনাস্থল থেকে তাঁকে আটক করেছি। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ জানান, এলাকাবাসী রতনকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে জাহানারা বেগমের লাশ উদ্ধার করে ও রতনকে আটক করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।