বটিয়াঘাটায় সাংবাদিকেরা এলাকাছাড়া, প্রেসক্লাবে তালা
খুলনার বটিয়াঘাটা উপজেলা এখন সাংবাদিকশূন্য। একজন সাংবাদিক কারাগারে আছেন। মামলা ও গ্রেপ্তারের আতঙ্কে আছেন অন্যরা। উপজেলায় দুটি প্রেসক্লাব, দুটিতেই তালা ঝুলছে ২০ দিন ধরে।
সাংবাদিক ও ভুক্তভোগী জনপ্রতিনিধিরা অভিযোগ করেছেন, একটি মানববন্ধনের খবর প্রকাশিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দ্বারা তাঁরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, কোনো সম্প্রদায় বা মানুষের ওপর তাঁর ক্ষোভ নেই। আইন অনুযায়ীই তিনি সবকিছু করছেন।
অভিযোগ আছে, গত ১৬ জুলাই বটিয়াঘাটা উপজেলায় রাস্তার পাশের এক দোকানে নাশতা করছিলেন খুলনার পাইকগাছা উপজেলার কালীনগর কলেজের প্রভাষক অনুপ কুমার মণ্ডল। রমজান মাসে দিনের বেলায় খাওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ওই প্রভাষককে লাঞ্ছিত করেন। এর প্রতিবাদে ২০ জুলাই এলাকায় একটি মানববন্ধন করা হয়।
প্রভাষক অনূপ কুমার মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ২০ জুলাই দুপুরে ‘এলাকাবাসীর আয়োজনে’ ইউএনওকে প্রত্যাহারের দাবিতে হওয়া মানববন্ধনে তিনিও উপস্থিত ছিলেন।
জাতীয় দৈনিক সংবাদ-এ ওই মানববন্ধনের খবর প্রকাশিত হয়। গত ২৩ জুলাই পত্রিকাটির বটিয়াঘাটা প্রতিনিধি এনায়েত আলী বিশ্বাসকে বকাঝকা করেন ইউএনও। ২৬ জুলাই ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং রাত ১০টার দিকে বাসার সামনে ইজিবাইক রাখায় এনায়েত আলীকে ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। জরিমানার টাকা পরিশোধ করে পরে তাঁকে থানা থেকে ছাড়িয়ে আনে পরিবার। ২৮ জুলাই কোন তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন করা হয়েছে, তা জানতে চেয়ে এনায়েত আলীকে চিঠি দেন ইউএনও।
এনায়েত বিশ্বাসকে এরপর এলাকায় দেখা যায়নি। এলাকায় আলোচনা আছে, তিনি ভয়ে গা ঢাকা দিয়েছেন। তবে গত ৫ সেপ্টেম্বর বটিয়াঘাটায় তাঁর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছেলে তানভীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাবা ও মায়ের শরীর খারাপ থাকায় তাঁরা ভারতে চিকিৎসা নিতে গেছেন।’
ওই মানববন্ধনের খবর প্রকাশিত হয়েছিল স্থানীয় দৈনিক নওয়াপাড়া পত্রিকায়ও। গত ১২ আগস্ট বাল্যবিবাহে সহযোগিতা ও ঘুষ নেওয়ার অভিযোগে ওই পত্রিকার প্রতিনিধি শাহিন বিশ্বাসকে ১৩ মাসের কারাদণ্ড দেন ইউএনওর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। শাহিন বিশ্বাস এখনো কারাগারে রয়েছেন।
যে মেয়ের বিয়ের অভিযোগে শাহিন বিশ্বাসকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই মেয়েটি অষ্টম শ্রেণির ছাত্রী। তার পরিবারের সদস্যরা জানান, বাল্যবিবাহ আয়োজনের খবর শুনে ইউএনও তাঁদের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় পরদিন মেয়েকেসহ পরিবারকে তাঁর দপ্তরে দেখা করতে বলে আসেন ইউএনও। এ সময় মেয়ের নানা সাংবাদিক শাহিনকে ডেকে ব্যাপারটি মীমাংসা করা যায় কি না, দেখার অনুরোধ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, ‘শাহিন আমাকে ম্যানেজ করার নামে ওই পরিবারের কাছ থেকে দুই হাজার টাকা দাবি করেছেন। এর অডিও রেকর্ড আমার কাছে আছে। মূলত ঘুষ নেওয়ার অভিযোগেই শাহিনের বিরুদ্ধে মামলা করা হয়।’
স্থানীয় দৈনিক দেশ সংযোগ-এর প্রতিনিধি রিংটন মণ্ডলকে গত ১২ আগস্ট ইউএনও তাঁর কার্যালয়ে ডেকে পাঠান। তাঁর অফিসে বসে ওই মানববন্ধনের সংবাদ লেখা হয়েছিল বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ। রিংটন মণ্ডল এখন পালিয়ে আছেন।
খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ইউএনও সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্তা করছেন। ছোটখাটো অভিযোগে স্থানীয় সাংবাদিকদের নামে মামলা করানো হচ্ছে। এ কারণে তাঁর প্রতিনিধিও লুকিয়ে আছেন। তিনি জানান, দু-একদিনের মধ্যে এর সমাধান না হলে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নয়টি উপজেলার সাংবাদিকদের নিয়ে খুলনায় মানববন্ধন করার কথা ভাবছেন সাংবাদিকেরা।
বটিয়াঘাটা উপজেলায় দুটি প্রেসক্লাব রয়েছে। একটি বটিয়াঘাটা প্রেসক্লাব, অন্যটি উপজেলা প্রেসক্লাব নামে পরিচিত। গতকাল পর্যন্ত দুটি প্রেসক্লাবই ছিল তালাবদ্ধ।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার হয়রানির ভয়ে প্রেসক্লাবে কেউ আসছেন না। এই প্রেসক্লাবের নয়জন সদস্যের অধিকাংশই এলাকা ছেড়ে পালিয়েছেন।
বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ জানান, তাঁর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা করানো হয়েছে। এর একটির তদন্ত শেষ হয়েছে। আতঙ্কে তিনি খুলনায় থাকছেন। তিনি অভিযোগ করেন, মানববন্ধনের সংবাদ করায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন লোক দিয়ে অভিযোগ সাজিয়ে বাড়িতে নোটিশও পাঠানো হচ্ছে।
ওই একই মানববন্ধনে অংশ নিয়েছিলেন ২ নম্বর বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য বিবেক বিশ্বাস। গত ৩ আগস্ট মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, বিমা ও হেলমেট না থাকার অভিযোগে মোটরযান আইনে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তিনি ইউএনওর দপ্তরে তাৎক্ষণিক ওই টাকা পরিশোধ করেন।
বিবেক বিশ্বাস প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তিনি ওই দিন মোটরসাইকেল নিয়ে উপজেলায় যাননি। কিন্তু উপজেলা পরিষদে তাঁকে পেয়ে ইউএনও তাঁর দপ্তরে ডেকে নিয়ে গিয়ে এই জরিমানা করেন।
ইউএনও প্রথম আলোকে বলেন, বিবেকের সঙ্গে ওই দিন মোটরসাইকেল ছিল। কিন্তু তিনি সেটি সরিয়ে ফেলেন।
ওই মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন আরও তিনজন ইউপি সদস্য। ইউপি সদস্যরা স্থানীয় সরকারের প্রতিনিধি হয়ে কেন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছেন, তা জানতে চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন ইউএনও। ২ নম্বর বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোরঞ্জন মণ্ডল ইউএনওর চিঠি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যে চিঠির জবাব দেওয়া হবে।
জানতে চাইলে খুলনা জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ইউএনও বিল্লাল হোসেন এলাকায় মাদক থেকে শুরু করে অনেক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। এর আগে কোথাও তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।