বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে ওই ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ছয়জনকে আটক করেছে।
নিহত ব্যক্তি হলেন নবাব আলী (৪৫)। তিনি ওই গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
সাদুল্যাপুর থানা-পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে নবাব আলীর সঙ্গে তাঁর বড় ভাই আবদুল মতিনের বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে আবদুল মতিন ও তাঁর লোকজন বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। এ সময় নবাব আলী তাঁদের বাধা দেন। একপর্যায়ে নবাব আলীর সঙ্গে আবদুল মতিনের কথা-কাটাকাটি হয়। পরে আবদুল মতিন ও তাঁর লোকজন লাঠি দিয়ে নবাবকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় পুলিশ আবদুল মতিনসহ ছয়জনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন আবদুল মতিন (৬৫), তাঁর স্ত্রী বেবী বেগম (৫০), মেয়ে মোজমা বেগম (৩২), মাজেদা বেগম (৩৮), নাজমা বেগম (২৫) ও মেয়ে জামাই সাদেকুল ইসলাম (৩০)। গতকাল বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, নবাব আলীর দুই হাতের আঙুল ও হাঁটুর নিচে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।