বড়দের ওষুধ খাচ্ছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শিশু দুটির বয়স ছয় বছর। দুজনই এইডস রোগী। শিশুদের অ্যান্টি রেট্রো ভাইরাল ওষুধ (এআরভি) সরবরাহ নেই বলে এদের বড়দের ওষুধ খাওয়ানো হচ্ছে।
ওষুধের সংকট হওয়ায় সরকারের সংক্রামক ব্যাধি হাসপাতাল রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দিচ্ছে। দুজন রোগী প্রথম আলোর কাছে অভিযোগ করেছেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ খেয়ে তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিয়েছে।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা এইচআইভি ও এইডস রোগীদের অবহেলার চোখে দেখেন বলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেছেন, কেন্দ্রীয় ওষুধ ভান্ডার ও ব্যবসায়ীরা এই পরিস্থিতি সৃষ্টি করেছেন। বিষয়টি একাধিকবার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরও পরিস্থিতি বদলায়নি।
এ বিষয়ে স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আমার চেয়ে যাঁরা ওষুধ খাওয়ান বা যাঁরা কর্মসূচি পরিচালনা করেন, তাঁদের জিজ্ঞেস করা ভালো।’ তিনি সংশ্লিষ্ট লাইন ডিরেক্টরের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন।
সরকারের এইচআইভি-এইডস-বিষয়ক কর্মসূচি কার্যালয় সূত্র জানিয়েছে, দেশে এইচআইভি-এইডস রোগী সাড়ে তিন হাজারের কিছু বেশি। এদের মধ্যে ১ হাজার ৭৫০ জনের জীবনদায়ী ওষুধ এআরভি দরকার হয়। তবে স্বাস্থ্য পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই সংখ্যায় তারতম্য দেখা দেয়। রোগীরা বিনা মূল্যে ওষুধ পায়।
ওষুধ নেই: এইচআইভি ও এইডসে আক্রান্ত ৪০টি শিশু নিয়মিত ওষুধ নেয় বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো সোসাইটির কাছ থেকে। এসব শিশুকে তিন ধরনের ওষুধ দেওয়া হতো। গত জুলাই থেকে তা বন্ধ আছে।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক হাবিবা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আমাদের উপায় নেই, তাই শিশুদের বড়দের ওষুধ দিতে বাধ্য হচ্ছি। ওষুধ না পেলে শিশুদের অবস্থা আরও খারাপ হবে।’ তিনি বলেন, ৫০ মিলিগ্রামের ডিসপার্সএবেল ট্যাবলেট (পানিতে গুলে খাওয়ানো বড়ি) শিশুকে দেওয়া হতো। এখন বড়দের ওষুধ দিয়ে বলা হচ্ছে বড়ি ভেঙে অর্ধেক খাওয়ার জন্য।
অন্যদিকে বড়দের সব ধরনের ওষুধের সরবরাহ নেই বলে জানিয়েছেন হাবিবা আক্তার। তাঁর প্রতিষ্ঠান থেকে ৭০ জনকে দ্বিতীয় ধাপের (সেকেন্ড লাইন) ওষুধ দেওয়া হতো। প্রথম ধাপের কিছু ওষুধ এদের শরীরে কার্যকর না। সরবরাহ না থাকায় আগস্টের শুরু থেকে আর ওষুধ দিতে পারছেন না।
এঁদের একজন ৫০ বছর বয়সী মানিকগঞ্জের এক বাসিন্দা। ২২ আগস্ট তাঁর সঙ্গে কথা হয় আশার আলো সোসাইটির কার্যালয়ে। তিনি এসেছিলেন ওষুধ নিতে। তিনি এই প্রতিবেদককে জানান, ২০০৪ সালে তাঁর এইডস শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর আশার আলো সোসাইটির সদস্য হন। এবং নিয়মিত ওষুধ নিতেন। ২১ দিন ওষুধ না পেয়ে তিনি দুর্বল হয়ে পড়েছেন। তিনি অভিযোগ করেন, সরকারি কর্মকর্তারা আন্তরিক হলে এই পরিস্থিতির সৃষ্টি হতো না। দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সব পক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
কেন এমন হলো: হাবিবা আক্তার বলেন, দেশে কত এইচআইভি ও এইডস রোগী তার হিসাব আছে। কত ওষুধ দরকার, কবে কোন ওষুধ শেষ হচ্ছে, সেই হিসাবও সরকারের কাছে আছে। এসব রোগী নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়ার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।
সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রে দেখা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে সাত ধরনের ওষুধ কেনার উদ্যোগ নিয়েছিল কেন্দ্রীয় ঔষধাগার। দুটি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দিয়েছিল। কিন্তু সেই ওষুধ এখনো কেনা হয়নি। অন্যদিকে ২০১৫-১৬ অর্থবছরের ওষুধ কেনার প্রক্রিয়া সবে শুরু হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে এসটিডি ও এইডস কর্মসূচির লাইন ডিরেক্টর মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে দুই হাজার রোগীর ওষুধ কেনার জন্য টাকা দিয়েছিলাম কেন্দ্রীয় ঔষধাগারকে। তারা সময়মতো ওষুধ কিনতে পারেনি বলে এই পরিস্থিতি হয়েছে।’
কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক (ভান্ডার ও সরবরাহ) ব্রিগেডিয়ার জেনারেল মো. পারভেজ কবীর বলেন, ‘ক্রয় প্রক্রিয়ার পদ্ধতিগত জটিলতার কারণে ২০১৪-১৫ অর্থবছরের ওষুধ কিনতে দেরি হয়েছে।’ আর ২০১৫-১৬ অর্থবছরে দরপত্রে অংশ নেওয়া কোম্পানিগুলোকে সংশ্লিষ্ট কারিগরি কমিটি ‘অনুপোযুক্ত’ ঘোষণা করায় ওষুধ কিনতে দেরি হচ্ছে।
২০১৪-১৫ অর্থবছরে এসএস সায়েন্টিফিক ওষুধ সরবরাহের কাজ পেয়েছিল। প্রতিষ্ঠানের মালিক ফয়েজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমাকে কার্যাদেশ দিয়েছে দেরি করে, তাই ওষুধ সরবরাহ করতেও দেরি হচ্ছে। তবে আমাকে দেওয়া সময়সীমা পার হয়ে যায়নি।’
ঝুঁকি: হাবিবা আক্তার বলেন, তাঁর প্রতিষ্ঠান থেকে ১ হাজার ২০০ রোগীকে ওষুধ দেওয়া হয়। তাঁরা বিভিন্ন ধরনের ওষুধ পান। ইতিমধ্যে ৭০ জনের ওষুধ ২১ দিন ধরে বন্ধ আছে। ৩০ আগস্টের মধ্যে ওষুধ না পেলে আরও ৩৫০ জনের ওষুধ পাওয়া বন্ধ হবে।
বিষয়টিকে বিপজ্জনক মন্তব্য করে বিশিষ্ট ভাইরোলজিস্ট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. নজরুল ইসলাম বলেন, বড়দের ওষুধে শিশুদের শরীরে বিষক্রিয়া দেখা দিতে পারে। আর ওষুধ বন্ধ রাখলে ভাইরাস হঠাৎ বেড়ে যেতে পারে। পরে ওষুধ দিলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
মেয়াদোত্তীর্ণ ওষুধ: রাজধানীর মহাখালীতে সরকারের সংক্রামক ব্যাধি হাসপাতালে ৫৮ জন রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। এসব রোগীর অধিকাংশ আগে আশার আলো সোসাইটি, মুক্ত আকাশ বাংলাদেশ ও ক্যাপ নামের তিনটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিতেন। অভিযোগ পাওয়া গেছে, সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে কয়েকজন রোগীকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে সংক্রামক ব্যাধি হাসপাতালের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোর কাছে বিষয়টি স্বীকার করে বলেন, সবাই মিলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কর্মকর্তা দাবি করেন, ওষুধ বন্ধ রাখার চেয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া ভালো।
এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা নেন এমন দুজন রোগী বলেছেন, তাঁদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে। একজন ১২ দিন মেয়াদোত্তীর্ণ ওষুধ খাওয়ার পর বন্ধ রেখেছেন। তিনি বলেছেন, সারা শরীরে অ্যালার্জির মতো দেখা দেওয়ায় ওষুধ বন্ধ রেখেছেন। এখন কী করবেন দিশা পাচ্ছেন না।