বড়লেখায় আ.লীগ নেতা সখীপুরে ব্যবসায়ী খুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত শুক্রবার মো. মজির উদ্দিন (৫০) নামে আওয়ামী লীগের এক নেতা খুন হয়েছেন। একই দিন টাঙ্গাইলের সখীপুরে মিনহাজ উদ্দিন (২২) নামের এক পোলট্রি ব্যবসায়ীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
স্থানীয় ও বড়লেখা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজির উদ্দিনকে গত শুক্রবার রাত ১১টার দিকে সমস্যার কথা বলে কে বা কারা বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে যায়। আধা ঘণ্টা পর নান্দুয়া গ্রামের নিজ বাড়ির পাশের মসজিদের ওয়াজ মাহফিলের প্যান্ডেলের কাছের রাস্তায় তাঁকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল শনিবার ময়নাতদন্তের জন্য তাঁর লাশ মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ফয়ছল আহমদ (২৫) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ফয়ছল উপজেলার শ্রীধরপুর গ্রামের আবদুল হামিদের ছেলে।
থানার পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন প্রথম আলোকে জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে।
সখীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল থেকে উপজেলার চারবাদিয়া গ্রামের দুলাল হোসেনের ছেলে মিনহাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল বেলা ১১টার দিকে মিনহাজের বাড়ির পোলট্রি খামার থেকে ৪০০ গজ দক্ষিণে বনের ভেতরে পরিবারের লোকজন তাঁর লাশ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ধারণা করা হচ্ছে, মিনহাজের নাক-মুখ মাটিতে চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।