বড়লেখায় সংঘর্ষে একজন নিহত, আহত ৫
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৬০) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আলাউদ্দিন দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম শংকরপুর গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন ও তাঁর প্রতিবেশী মৃত আসাদ আলীর ছেলেদের মধ্যে জায়গা নিয়ে বিরোধ ছিল। গতকাল আলাউদ্দিন তাঁর সীমানার দিকে ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন এ জায়গা তাঁদের সম্পত্তি দাবি করে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের আক্রমণে গুরুতর আহত আলাউদ্দিনকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন।
আলাউদ্দিনের ভাই গুরুতর আহত সফিক উদ্দিন (৫৮) ও ভাতিজা আজিম উদ্দিনকে (২০) প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ এ ঘটনায় নিহত আসাদের দুই ছেলে সোলায়মান আলী ও তাজেল আহমদকে গ্রেপ্তার করেছে।