বড়লেখায় স্কুলছাত্র ও কটিয়াদীতে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গত শুক্রবার রাতে নেপাল কর (১৮) নামে এক স্কুলছাত্র ও কিশোরগঞ্জের কটিয়াদীতে জাহাঙ্গীর মিয়া (২৪) নামে এক যুবক খুন হয়েছেন।
বড়লেখা থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেপাল কর গ্রামতলা ছোটলিখা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ত। সে উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মৃত গোপাল করের ছেলে। কয়েক দিন আগে নেপালের ছোট ভাই শ্রীবাস করের (১৩) সঙ্গে গ্রামতলা গ্রামের মৃত বীরেন্দ্র করের স্ত্রী জবা করের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে জবার ছেলে রমেশ কর (২৩), তাঁর সহযোগী দিলীপ কর (১৮) ও কাজল কর (২৪) ঘটনার সময় শ্রীবাসকে মারধর করেন। ছোট ভাইকে রক্ষা করতে নেপাল এগিয়ে এলে তাঁদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এর জের ধরে বড়লেখা ডিগ্রি কলেজ-সংলগ্ন স্থানে শুক্রবার রাত ১০টার দিকে প্রতিপক্ষের লোকজন ক্ষুর দিয়ে নেপাল করের গলায় আঘাত করেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেপালকে মৃত ঘোষণা করেন। পরে সদর ইউনিয়নের গ্রামতলা ও বিছরাবাজার এলাকা থেকে রাতেই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের রমেশ, দিলীপ ও কাজলকে গ্রেপ্তার করে পুলিশ।
নেপালের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শনিবার সকালে গ্রামতলা ছোটলিখা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে হত্যাকারীদের ফাঁসি দাবি করেছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় নেপালের মা রিতা রানি কর গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে আসামি করে গতকাল একটি মামলা করেছেন।
কটিয়াদী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর একজন মাদকাসক্ত। তাঁর বাড়ি উপজেলার ধুলদিয়া ইউনিয়নের বাগপাড়া গ্রামে। শুক্রবার রাত আটটার দিকে প্রতিবেশী হুলমায়ূন মিয়া লোকজন নিয়ে ক্যারম খেলছিলেন। এ সময় জাহাঙ্গীর খেলতে চান। কিন্তু কেউ তাঁকে খেলায় নিতে রাজি হচ্ছিলেন না। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীর একজনকে ছুরিকাঘাত করে। পরে গ্রামের লোকজন এসে জাহাঙ্গীরকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। পরে তাঁকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত ১০টার দিকে জাহাঙ্গীর মারা যান।
থানার ওসি হেদায়েতুল ইসলাম গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, জাহাঙ্গীর মাদকাসক্ত ছিলেন। এ ঘটনায় জাহাঙ্গীরের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি।