বড়লেখায় অবাধে টিলা কেটে ঘর নির্মাণ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদর (বড়লেখা) ইউনিয়নে বাড়িঘর নির্মাণ করতে অবাধে টিলা কাটা হচ্ছে। পাহাড় ও টিলা কাটা নিষিদ্ধ হলেও সচেতনতার অভাবে টিলা কাটা বন্ধ হচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, ডিমাই-ছোটলেখা দুর্গম পাহাড়ি রাস্তার দুই পাশের বিভিন্ন স্থানে টিলার মাটি কাটা চলছে। অনেক স্থানের টিলার কাটা অংশ পুরোনো আবার কিছু অংশ নতুন। কোথাও সমতল স্থানে টিলার লাল মাটি ফেলা হচ্ছে। এই মাটি কাটার কারণে অনেক জায়গার ঘরবাড়ি ঝুঁকির মধ্যে আছে। যেকোনো মুহূর্তে টিলা ধসে দুর্ঘটনা ঘটতে পারে।
গত বুধবার ডিমাই এলাকার সাতকরা কান্দিতে একটি টিলা কাটার সময় মতিউর রহমান জানালেন, তিনি নতুন একটি ঘর তুলবেন। এ জন্য টিলার মাটি কাটছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টিলার মাটি কাটা যায় না। এটা জানি না।’
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, সরকারি বা ব্যক্তি মালিকানাধীন কোনো টিলাই কাটা যাবে না। শুধু জনস্বার্থে পরিবেশ মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া সাপেক্ষে টিলা কাটা যাবে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী টিলা কাটা দণ্ডনীয় অপরাধ। এ ক্ষেত্রে জেল-জরিমানা দুটিরই বিধান রয়েছে।
স্থানীয় লোকজন বলেন, অনেকেই টিলা কেটে মাটি সমতল করে ঘর বানিয়েছেন। ডিমাই এলাকার তাজউদ্দিন নামে এক ব্যক্তি টিলার মাটি কেটে এর পাশেই ঘর নির্মাণ করেছেন। প্রায় তিন মাস আগে রাতের বেলা বৃষ্টির সময় টিলার মাটি ধসে ঘরের দেয়ালের ওপর পড়ে। এতে দেয়াল ভেঙে ঘরের ভেতর পড়ে যায়। অল্পের জন্য ঘরের লোকজন রক্ষা পায়।
ডিমাই গ্রামের আবদুল জলিল বলেন, ঘরদুয়ার বানাতে হলে মানুষ টিলা কাটে। এমনিতে কেউ টিলা কাটে না। নাম প্রকাশে অনিচ্ছুক বড়লেখার একজন রাজনৈতিক কর্মী জানান, বড়লেখা উপজেলায় বালু কম থাকায় রাস্তার গর্ত ভরাট বা অন্যান্য কাজে যখন তৃতীয় শ্রেণির বালুর প্রয়োজন হয়। তখন ঠিকাদাররা টিলার লাল মাটি নিয়ে আসে।
বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোয়েব আহমদ প্রথম আলোকে বলেন, ‘পাবলিক টিলা কেটে ফেলে। আমি যতটুকু সম্ভব সচেতন করার চেষ্টা করি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মো. আমিনুর রহমান বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। কিন্তু এটি মোবাইল কোর্টের আওতাভুক্ত না। এটা পরিবেশ অধিদপ্তর দেখে থাকে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে রিপোর্ট পাঠানো হয়েছে।’
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। আমি আলাপ করে দেখব।’