বড়লেখায় আ.লীগের পাঁচ নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন তাঁদের বহিষ্কার করার ঘোষণা দিয়েছেন।
বড়লেখা উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, তালিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুনাম উদ্দিন, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমদ আদনান চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় বুধবার বিকেলে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের অফিস বাজারে অনুষ্ঠিত এক পথসভায় কেন্দ্রীয় নেতা মিছবাহ উদ্দিন ওরফে সিরাজ ওই পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করার ঘোষণা দেন।
তালিমপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সুনাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার কোনো সমস্যা নাই। বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসব।’
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দল কী সিদ্ধান্ত নেয়, সেটা দলের বিষয়। আমি দল থেকে আগেই লিখিতভাবে অব্যাহতি নিয়েছি।’
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমদ বুধবার প্রথম আলোকে বলেন, ‘আমার সাথে ইউনিয়ন আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মীই আছেন। আমি ঐতিহ্যগতভাবে আওয়ামী পরিবারের সদস্য।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন বলেন, ‘মিসবাহ উদ্দিন দলের কেন্দ্রের নেতা। তিনি বহিষ্কারের ঘোষণা দিতেই পারেন। বুঝে-শুনেই তা করেছেন। এ ব্যাপারে উপজেলা কমিটির করণীয় কিছু থাকলে পরবর্তীতে করা হবে।’