বড়লেখায় ধর্ষণের ভিডিও ইন্টারনেটে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখায় দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে খয়রুল ইসলাম নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার তাকে ঢাকার ডেমরা থানার সারুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার বানিকোনা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী গত ২ মে গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে খয়রুল ও তার সহযোগী শ্রীধরপুর গ্রামের বাবেল তাকে অপহরণ করে। পরে তারা তাকে একটি বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে এবং ধর্ষণের দৃশ্য মুঠোফোনের ক্যামেরায় ধারণ করে। ওই রাতেই তারা তাকে বাড়ির সামনে ফেলে যায়। কিছুদিন পর তারা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়। পরে ওই ভিডিও এলাকার মানুষের মুঠোফোনেও ছড়িয়ে দেওয়া হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধর্ষণের ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার বিষয়টি জানার পর ৯ মে ওই ছাত্রী বাদী হয়ে বড়লেখা থানায় খয়রুল ও বাবেলের বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) তাপস চন্দ্র রায় বুধবার রাতে অভিযান চালিয়ে ঢাকার ডেমরার সারুলিয়া থেকে খয়রুলকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার তাকে বড়লেখা থানায় নিয়ে আসা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি বেশ আগের। খয়রুলকে আজ (গতকাল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামি বাবেল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’