বড়লেখায় সংঘর্ষে আহত অর্ধশত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত এক নারীর লাশ দেখাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।
এ সময় এলাকার ১০-১২টি দোকানে ভাঙচুর চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৪টি ফাঁকা গুলি ছোড়ে। গত বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের সুড়িকান্দি ও লঘাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলার কাঞ্চনপুর গ্রামের ছানা মিয়ার স্ত্রী রাহেনা বেগম (৪০) সিএনজিচালিত অটোরিকশায় করে দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
অটোরিকশাটি কুলাউড়া-চান্দগ্রাম সড়কের লঘাটিতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সেটিকে চাপা দেয়। এতে রাহেনা বেগম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশাচালকসহ অপর তিন যাত্রী। এ সময় রাহেনা বেগমের লাশ দেখাকে কেন্দ্র করে লঘাটি গ্রামের রাহেনা বেগমের এক আত্মীয়র সঙ্গে সুড়িকান্দি গ্রামের এক যুবকের কথা-কাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যা সাতটার দিকে দাসেরবাজারে লঘাটি ও সুড়িকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের ১০-১২টি দোকানে ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৪টি ফাঁকা গুলি বর্ষণ করে। রাত ১০টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, এ সময় উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন। তাঁরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহতাব উদ্দীন জানান, সংঘর্ষে উভয় পক্ষের ৪০-৫০ জন লোক আহত হয়েছেন।
বড়লেখা থানার ওসি মো. আবুল হাসেম সংঘর্ষ ও গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন।