বড়লেখায় সংঘর্ষে ১৫ জন আহত ভাঙচুর
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একই গ্রামের দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ১০টি নৌকা ভাঙচুর, দুটি দোকানে লুটপাট ও কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভট্টশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভট্টশ্রী গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আলী আহমদ (২০) ও একই গ্রামের জুবের আহমদের (১২) মধ্যে গাড়ির ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১০টি নৌকা ভাঙচুর, দুটি দোকানে লুটপাট এবং কয়েকটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে আবুল হোসেন, আলী আহমদ ও ফখরুল ইসলামকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম গতকাল রোববার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি উভয় পক্ষ নিজেদের মধ্যে মিটমাট করে নিয়েছে। কোনো অভিযোগ দেয়নি।’