বড়াইগ্রাম পিআইওর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ঘুষ না দিলে বিভিন্ন প্রকল্পের বরাদ্দের সরবরাহপত্র (ডিও) দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। ঘুষ না দেওয়ায় বরাদ্দের অর্থ ফেরত পাঠানোর মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা ওই কর্মকর্তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিকভাবে অভিযোগ করেছেন।
জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা), কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং টেস্ট রিলিফ (টিআর) প্রকল্প বাস্তবায়নের জন্য পিআইওর কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এসব বরাদ্দের সরবরাহপত্র দেওয়ার জন্য পিআইও শহিদুল ইসলাম বরাদ্দের গমের টনপ্রতি তিন হাজার টাকা করে অগ্রিম ঘুষ আদায় করে নেন। যাঁরা অগ্রিম ঘুষ দিতে পারেন না, পিআইও তাঁদের ডিও লেটার দিয়ে নিজে টাকা তুলে তাঁর ঘুষের অর্থ রেখে বাকিটা প্রকল্পের সভাপতির হাতে ধরিয়ে দেন। কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পেও একইভাবে তিনি ঘুষের নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখেন। কর্মসৃজন কর্মসূচিতে প্রতিটি প্রকল্পে দুই থেকে তিনজন শ্রমিকের প্রতিদিনের অর্থ পিআইওকে দিতে হচ্ছে বলে বেশ কয়েকটি প্রকল্প কমিটির সভাপতিরা জানিয়েছেন।
জনপ্রতিনিধিরা আরও অভিযোগ করেন, ঘুষের টাকা আদায়ের জন্য পিআইও তাঁর কার্যালয়ে ব্যক্তিগতভাবে চুক্তিভিত্তিক একজন ক্যাশিয়ারও নিয়োগ দিয়েছেন। ঘুষের অর্থ থেকেই ওই ক্যাশিয়ারকে বেতন দেন পিআইও। এর আগেও ইউএনও সৈয়দ ইরতিজা আহসান দুর্নীতির অভিযোগে পিআইওকে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। অজ্ঞাত কারণে পিআইও শহিদুল ইসলাম স্বপদে বহাল রয়েছেন।
নগর ইউপির চেয়ারম্যান শামসুজ্জোহা বলেন, এমনিতেই বরাদ্দ করা চাল বা গম বিক্রি করে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে কম অর্থ পাওয়া যায়। তার ওপর প্রকল্প কার্যালয়ে বরাদ্দের একটা বড় অঙ্কের অর্থ কেটে রাখা হয়। ফলে প্রকল্পের কাজ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। জোনাইল ইউপির চেয়ারম্যান রাশেদুল আলম বলেন, ‘আমি গত অর্থবছরে নন ওয়েজ প্রকল্পের আওতায় চরগোবিন্দপুরে একটি ছোট ব্রিজ নির্মাণ করেছি। মোট এক লাখ ৬০ হাজার টাকা বরাদ্দের মধ্যে ৮০ হাজার টাকা শুরুতে দেওয়া হয়। কাজ শেষে অবশিষ্ট টাকা তুলতে গেলে পিআইও বরাদ্দের এক-তৃতীয়াংশ অর্থ ঘুষ হিসেবে দাবি করেন। আমি তাতে রাজি না হওয়ায় তিনি আমাকে না দিয়ে ৮০ হাজার টাকাই ফেরত পাঠিয়েছেন। ফলে সেতুটি নির্মাণসামগ্রীর টাকা বকেয়া পড়ে রয়েছে। একই কারণে জোয়াড়ি ও নগর ইউনিয়নের একাধিক প্রকল্পের টাকা ফেরত পাঠিয়েছেন পিআইও।’
এসব অভিযোগ অস্বীকার করে পিআইও শহিদুল ইসলাম বলেন, ‘এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। নিয়ম অনুসরণ করতে গিয়ে কিছু প্রকল্পের টাকা ফেরত যাওয়ায় কিছু জনপ্রতিনিধি আমার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছেন।’ ইউএনও শরীফুন্নেসা বলেন, ‘চেয়ারম্যানরা আমার কাছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ করেছেন। তাঁদের লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’