বড়াইগ্রামে খ্রিষ্টান দম্পতির ওপর হামলা
আত্মীয় পরিচয়ে বাসায় ঢুকে নাটোরের বড়াইগ্রামে গ্যাব্রিয়েল কস্তা (৮০) ও তাঁর স্ত্রী বীণা পিরিস (৭০) নামের এক খ্রিষ্টান দম্পতিকে পিটিয়ে আহত করেছে দুই দুর্বৃত্ত। গত বুধবার রাত প্রায় ১২টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ওই দম্পতির সঙ্গে কথা বলে গতকাল রাত আটটার দিকে বড়াইগ্রাম থানার পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১২টার দিকে দুজন লোক তাঁদের বাড়ির কাছে এসে আত্মীয় বলে ভেতরে ঢুকতে চায়। তাঁরা না খুললে বাথরুমের নড়বড়ে দরজা ভেঙে সেদিক দিয়ে তারা ঘরে ঢোকে। তারপর ওই দুজন খ্রিষ্টান দম্পতিকে মারধর শুরু করে। তারা দুটি মুঠোফোন ও ১৬ হাজার টাকা নিয়ে যায়। দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই দম্পতি অচেতন হয়ে পড়েন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা দম্পতির কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় গ্যাব্রিয়েল কস্তা ও তাঁর স্ত্রী সংজ্ঞাহীন অবস্থায় পড়ে ছিলেন। ঘরের মালপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে তাঁদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, তারা প্রাথমিকভাবে ধারণা করছে, ধস্তাধস্তির কারণে ওই দম্পতি সংজ্ঞা হারিয়েছিলেন। তবে শিক্ষকের স্ত্রীর হাঁটুতে রড বা লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বনপাড়া পাটোয়ারি ক্লিনিকে গেলে আহত গ্যাব্রিয়েল কস্তার ছেলে পুলক কস্তা এই প্রতিবেদককে বলেন, ‘আমরা দুই ভাইবোন রাজশাহীতে থাকি। বাবা-মা বাড়িতে থাকেন।’ তিনি আরও বলেন, ‘জানামতে আমাদের কোনো শত্রু নেই। কী কারণে হামলা করা হয়েছে, তা বোঝা যাচ্ছে না।’
বনপাড়া পাটোয়ারি ক্লিনিকের চিকিৎসক সিদ্দিকুর রহমান পাটোয়ারি বলেন, অনেক শীত আর ভীতির কারণেই আহত দম্পতি অচেতন হয়ে পড়েছিলেন। বড়াইগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আহত শিক্ষকের বাড়ির পাশে একটি মাদকের আসর বসত বলে স্থানীয় ব্যক্তিরা তাঁকে জানিয়েছেন। নেশার টাকার লোভে তারাই হামলা চালিয়ে থাকতে পারে।