বণিক সমিতির সদস্য নবায়নে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শিল্প ও বণিক সমিতির সদস্য নবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আগামী ১৫ অক্টোবর সমিতির আসন্ন ২০১৬ থেকে ২০১৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে ব্যবসায়ীদের পাশাপাশি অন্য পেশার ব্যক্তিদেরও সদস্য করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে বলেন, সমিতির সদস্য নবায়নে গাড়িচালক, দোকান কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষকে ভোটার করা হয়েছে। এতে সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।

এ ঘটনায় সমিতির সভাপতি বরাবর সমিতির সাবেক সভাপতি আবদুল ওয়াহেদ সরকার লিখিত অভিযোগও করেছেন। যার অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, এফবিসিসিআইয়ের সভাপতি, রংপুর বিভাগীয় কমিশনার, বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক, জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।

ওই অভিযোগে আবদুল ওয়াহেদ সরকার বলেন, এই প্রক্রিয়ায় সদস্য নবায়ন করায় নির্বাচনে ব্যাপক অনিয়ম ও অসচ্ছতা পরিলক্ষিত হবে বলে আভাস পাওয়া যাচ্ছে; যা বাণিজ্য সংগঠনের ম্যানুয়াল ১৯৯৪-এর ৬ ধারার পরিপন্থী। এতে শিল্প ও বণিক সমিতির ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরাই বাণিজ্য সংগঠনের সদস্য হওয়ার যোগ্য দাবি করে তিনি অন্য পেশার ব্যক্তিদের সদস্যপদ স্থগিতেরও দাবি জানান।

অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে ওয়াহেদ সরকার বলেন, ট্রাকচালক, দোকান কর্মচারীসহ নানা পেশার মানুষকে চেম্বারের সদস্য করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনোভাবে নির্বাচন স্বচ্ছতা পাবে না।

সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৯ অক্টোবর সমিতির দুই বছরমেয়াদি কমিটির মেয়াদ শেষ হবে। সে হিসেবে ৩ সদস্যের নির্বাচনী কমিটি গঠন করে তফসিল ঘোষণা করা হয়েছে। এ বছর সমিতির নতুন সদস্য হয়েছে প্রায় ৯০০ জন।

তিন সদস্যের নির্বাচকমণ্ডলীর সদস্য মো. সারোয়ার মানিক বলেন, আগামী ১৫ অক্টোবর নির্বাচন হবে। সে হিসেবে গত বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার ওপর কেউ আপত্তি করলে ২৩ আগস্ট পর্যন্ত তা গ্রহণ করা হবে। ২৯ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে।

এ বিষয়ে সমিতির বর্তমান সভাপতি এস এম সফিকুল আলম বলেন, সদস্য হওয়ার যোগ্য ব্যক্তিদেরই সদস্য করা হয়েছে। কেউ যদি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, আয়কর সনদসহ প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে আবেদন করেন, সে ক্ষেত্রে তাঁকে সদস্য করতে বাধা নেই। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, সাবেক সভাপতি তাঁর সময়ে ক্ষুদ্র পান-বিড়ির দোকানদেরও সদস্য করেছিলেন।