বণিকবার্তার কর্মকর্তার লাশ উদ্ধার
দৈনিক বণিকবার্তা পত্রিকার বিজ্ঞাপন বিভাগের সহকারী ব্যবস্থাপক (এএম) জাহাঙ্গীর আলমের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর খিলক্ষেত নামাপাড়ার একটি মেসের কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জাহাঙ্গীরের খালাতো ভাই ফয়সালসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল হকের ভাষ্য, জাহাঙ্গীর আলম গত ১৫ সেপ্টেম্বর থেকে নিখোঁজ ছিলেন। খবর পেয়ে আজ সকালে মেসের ওই কক্ষে একটি স্যুটকেসের ভেতর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফয়সাল এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। তাঁকে ঢাকার ধামরাই থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বণিকবার্তা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক আয়নাল হোসেনের তথ্যমতে, গত ১৫ সেপ্টেম্বর দুপুরে জাহাঙ্গীর হোসেন অফিস থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তাঁর পরিবারের সদস্যরা তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জাহাঙ্গীর রাজধানীর তেজগাঁওয়ে মনিপুরী পাড়ায় থাকতেন।
পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুসতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।