বদরগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন পানীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ‘বলবর্ধক পানীয়’। সব বয়সের মানুষ আসক্তি সৃষ্টিকারী এসব পানীয় কিনে সেবন করছেন। বিশেষ করে তরুণ ও যুবকদের কাছে এসব পানীয় আকর্ষণীয় হয়ে উঠেছে। এতে যৌনশক্তি ও কিডনি নষ্ট এবং হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
জানা গেছে, উপজেলার ৪৫টি হাটবাজারসহ গ্রামগঞ্জের বিভিন্ন বেকারি, কনফেকশনারি, মুদি ও পান-সিগারেটের দোকানে বিভিন্ন নামে ওই পানীয় অবাধে বোতলজাত করে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পানীয়ের নাম হচ্ছে মন পাওয়ার আপ, পাগলু-২, ম্যান পাওয়ার, ডাবল হর্স, জিনসিন, ভিগো বি, হর্স ফিলিংস, হাই পাওয়ার, ফিলিংস, রয়েল টাইগার, ব্ল্যাক হর্স, পাগলু ফিলিংস, লাগবে নাকি, মন পাওয়া যায়। এসব বোতলের গায়ে মেয়েদের অশ্লীল ছবি ব্যবহার করা হচ্ছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রস্তুতকারীরা এ কাজ করছে।
পাগলু ফিলিংসের বোতলের গায়ে লেখা রয়েছে ‘বিএসআইআর কর্তৃক উদ্ভাবিত ও পরীক্ষিত’। ‘নন কার্বোনেট ও নন অ্যালকোহল’। ডাবল হর্সের বোতলের গায়ে লেখা আছে ‘পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষিত ও অনুমোদিত’। হর্স ফিলিংসে লেখা আছে ‘এটা বিএসটিআইয়ের আওতাভুক্ত পণ্য নয়’। তবে পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক আমিনুল হক ভূঁইয়া বলেন, ইনস্টিটিউটের পক্ষ থেকে এমন কোনো পরীক্ষা বা অনুমোদন দেওয়া হয়নি।
সেভেন হর্স পাওয়ারের ২৭০ মিলির বোতলে লেখা রয়েছে, ‘পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় কতৃর্ক পরীক্ষিত, মিক্সড ফ্লুপস এনার্জি ড্রিংকস’। ‘প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম এমএএইচ ফুড অ্যান্ড বেভারেজ, আশুলিয়া, সাভার, ঢাকা ফোন নম্বর ০১৯১৭৮০৭৮৯৩।’ কিন্তু এই নম্বরে গত বৃহস্পতিবার রাতে ফোন করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘এনার্জি ড্রিংকস বা বলবর্ধক পানীয় বিক্রি দেখার দায়িত্ব আমাদের আওতায় পড়ে না। যদি বিএসটিআইয়ের অনুমোদন না থাকে তাহলে ওইগুলো যাঁরা বিক্রি করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
২০১৩ সালের ৮ জানুয়ারি প্রথম আলোতে ‘সাত ধরনের পানীয়তে ক্ষতিকর উপাদান’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাজার থেকে সংগ্রহ করার পর বিভিন্ন প্রতিষ্ঠানের বোতলজাত পানীয়ের নমুনা নিজেদের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগারে পরীক্ষা করে। এতে সাত ধরনের পানীয়তে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান পায়। এর মধ্যে ম্যান পাওয়ার, হর্স ফিলিংস, রয়েল টাইগার ও ভিগো-বি রয়েছে। এসব পানীয় পরীক্ষা করে রাসায়নিক দ্রব্য ‘অপিয়াম উদ্ভূত অপিয়েট’ ও ‘সিলডেনাফিল সাইট্রেট’ পাওয়া গেছে। ওই দুটি রাসায়নিক দ্রব্য ‘ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২’ অনুযায়ী নিষিদ্ধ। অন্য নামে বিক্রীত বলবর্ধক পানীয়তেও একই ধরনের ক্ষতিকর উপাদান রয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলিজস্ট আবদুল্লাহ আল মাহবুব বলেন, বলবর্ধক পানীয় ক্ষণিকের জন্য উত্তেজনা বাড়ালেও তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। দ্রুত বোতলজাত ওই বলবর্ধক পানীয় বাজার থেকে তুলে নিতে হবে। এ ছাড়া এ পানীয় প্রস্তুত, সরবরাহ ও বিক্রি বন্ধ করে দেওয়া উচিত। বলবর্ধক পানীয় অধিক পানে পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে পরবর্তী সময়ে স্থায়ীভাবে যৌনশক্তি নষ্ট, বিভিন্ন যৌন রোগসহ কিডনি ও হৃদ্রোগে আক্রান্ত হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে তিনজন পানের দোকানদার জানান, বলবর্ধক পানীয়ের অধিকাংশ ক্রেতা হচ্ছে তরুণ ও যুবক। নাম ভেদে প্রতি বোতল পানীয় বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৭৫ টাকায়।
ওই পানীয় পান করেছেন স্থানীয় এমন চার যুবক নাম প্রকাশ না করার শর্তে জানান, এটা পান করার এক ঘণ্টার মধ্যেই যৌন উত্তেজনা হয়। মাথা ভারী লাগাসহ শরীর ঝিমঝিম করে। অনেক সময় হাত-পা ও মাথা ঘামে।
বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ইসতিয়াক আহমেদ ১ জানুয়ারি রাত নয়টার দিকে বদরগঞ্জ পৌর শহরের রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুটি পানের দোকান থেকে ৭১ বোতল ‘বলবর্ধক পানীয়’ উদ্ধার করেন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানের মালিক জিল্লুর রহমানকে, দুই মাস ও মোকছেদুল হককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও ইসতিয়াক আহমেদ জানান, বলবর্ধক ওই পানীয় বিক্রি ও মজুত অবৈধ। সম্প্রতি মিন্ত্রপরিষদ বিভাগ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তাঁদের কাছে চিঠি এসেছে। এসব বিক্রি ও মজুত বন্ধে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।