বদরগঞ্জে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রি!
রংপুরের বদরগঞ্জ পৌরসভা ও রাধানগর লালদীঘি বাজারে অসুস্থ গরু ও ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে। জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এ সুযোগে কতিপয় অসাধু কসাই বেশি মুনাফার লোভে অসুস্থ গরু-ছাগল কম দামে কিনে এর মাংস বিক্রি করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রতিদিন বদরগঞ্জ পৌরবাজারে আট-নয়টি ও লালদীঘি বাজারে তিন-চারটি গরু জবাই করা হয়। জবাই করা এসব গরুর অধিকাংশই অসুস্থ। ৯ জানুয়ারি পৌর বাজারে অসুস্থ একটি গাভি জবাই করে মাংস বিক্রির অভিযোগে সাধারণ মানুষ উত্তেজিত হয়ে অভিযুক্ত কসাই কালাম মিয়া, রফিকুল ইসলাম, রাজ্জাক আলী ও রুহুল মিয়ার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কসাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত মানুষ শান্ত হয়। কিন্তু এখনো ওই কসাইদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে এসআই তৈয়ব আলী বলেন, অসুস্থ গাভি জবাই করে বিক্রির ঘটনা সত্য। তবে কেউ থানায় লিখিত অভিযোগ না করায় অভিযুক্ত কসাইদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
পৌর বাজারের বাদশাহ মিয়া, আমিনুল ইসলাম ও আবদুল আউয়াল অভিযোগ করে বলেন, ওই অসুস্থ গাভিটি ছিল পৌরসভার ডাক্তারপাড়া গ্রামের নিকাহ নিবন্ধক আজহারুল ইসলামের। বাছুর হওয়ার সময় গাভিটি অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে গোয়ালঘরে জবাই করে কসাইদের খবর দেন ওই নিকাহ নিবন্ধক। অন্তত ছয় মণ ওজনের ওই গাভি মাত্র ৪০ হাজার টাকায় কেনেন ওই কসাইরা। পরদিন ওই অসুস্থ গাভির মাংস ৩৪০ টাকা কেজি দামে পৌরবাজারে বিক্রি করা হয়। মূলত বেশি লাভের আশায় কসাইরা অসুস্থ গরু-ছাগল কিনে এর মাংস বিক্রি করছেন।
এ ব্যাপারে আজহারুল ইসলাম বলেন, ‘ভাই, ওই দিন (৯ জানুয়ারি) বাছুর হওয়ার সময় গাভির পেট থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে এলে তা জবাই করে ওই কসাইদের খবর দিই।’
অভিযুক্ত কসাই কালাম মিয়া বলেন, ‘গরুটি তো মরে যায়নি। কিছুটা অসুস্থ ছিল। তবে মাংসটা অনেক ভালো ছিল।’
রাধানগর গ্রামের কৃষক আবদুল বাতেন অভিযোগ করে বলেন, ১৫ জানুয়ারি রাধানগর অফিসপাড়া থেকে এক কসাই অসুস্থ একটি গরু অল্প দামে কিনে পাঠানের হাটের পাশে জবাই করেন। পরদিন ওই মাংস লালদীঘির বাজারে বিক্রি করা হয়। এর আগেও পৌর শহরের সিও রোডের হানিফুল কসাইয়ের বিরুদ্ধে মরা ছাগলের মাংস বিক্রি করার অভিযোগে স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
রাধানগর দক্ষিণ খামারপাড়া গ্রামের জালাল উদ্দিন বলেন, এখন বেশির ভাগ কসাই অসুস্থ গরু-ছাগলের খবর পেলে গ্রামাগঞ্জে ছুটে গিয়ে অল্প দামে কিনে প্রতি কেজি মাংস ৩৪০-৩৫০ টাকা দামে বিক্রি করেন। কিন্তু এসব দেখার কেউ নেই।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল হক বলেন, গরু জবাই করার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করবেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসকেরা। কিন্তু তাঁরা তা করেন না। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, ‘পৌর শহরে গরু জবাইয়ের নির্দিষ্ট কোনো স্থান নেই। কসাইরা যেখানে খুশি সেখানেই গরু জবাই করেন। এভাবে গরু জবাই করায় গরুর স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হয় না।’
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, অসুস্থ গরুর মাংস খেলে মানুষ অ্যানথ্রাক্সসহ অন্য রোগে আক্রান্ত হতে পারে।