বদরগঞ্জে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র সাইফুল ইসলামকে (২২) পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার দুপুরে বাড়ির পাশে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষ তাঁকে ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। পরে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।
নিহত যুবক সাইফুলের বাড়ি বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি কাজীপাড়া গ্রামে। সাইফুলের মৃত্যুর পর তাঁর বাবা সাদেকুল ইসলাম আরিফুল ইসলাম (২২) নামের এক তরুণকে আসামি করে গত শনিবার রাতে বদরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আরিফুলও একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী, পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার কাজীরহাট উচ্চবিদ্যালয় মাঠে সাইফুল বন্ধুদের নিয়ে বাজি ধরে ক্রিকেট খেলছিলেন। এ সময় বল নিক্ষেপ নিয়ে প্রতিপক্ষের আরিফুলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আরিফুল ব্যাট দিয়ে সাইফুলকে পিটিয়ে আহত করে। পরে অন্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরিফুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।