বদরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা
রংপুরের বদরগঞ্জের দক্ষিণ বিষ্ণুপুর পূর্বপাড়া গ্রামে কৃষক রমজান আলীকে (৩২) পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাঁকে পিটিয়ে হত্যা করে।
বদরগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক রমজান আলীর সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী বলাই মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল দুপক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে বলাই মিয়া ও তাঁর লোকজন রমজান আলীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে ঘটনাস্থলেই রমজান আলী মারা যান।
থানার এসআই আলফাজ উদ্দিন বলেন, নিহত কৃষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল (আজ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে বলাই মিয়াকে আসামি করে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বলাই মিয়ার পক্ষের সবাই পালিয়েছে।