বদরগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
রংপুরের বদরগঞ্জ উপজেলা ছাত্রদলের কর্মী সভায় দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ রোববার সন্ধ্যার দিকে পৌরসভার বালুয়াভাটা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে ওই কর্মিসভা চলাকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ব্যক্তিরা হলেন ছাত্রদলের কর্মী কামরুজ্জামান (১৭), সোহেল মিয়া (২১), বেলাল হোসেন (২২), আজাদ হোসেন (১৭), চান মিয়া (২২) ও রাশেদুল হক (১২)।
প্রত্যক্ষদর্শী, পুলিশ এবং দলীয় সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের কমিটি গঠনের লক্ষ্যে ওই কমিউনিটি সেন্টারে কর্মিসভার আয়োজন করা হয়। সভার উদ্বোধন করেন সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
দলীয় সূত্র জানায়, বিকেলে সভা শুরুর আগে উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ও পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমদের সমর্থনে পৃথক স্লোগান দিয়ে কর্মীরা ওই সভায় যোগদান করেন। আনুষ্ঠানিকভাবে সভার উদ্বোধন করার পরেই মঞ্চে ওঠেন জেলা ছাত্রদলের নেতারা। এ সময় শুরু হয় ছাত্রনেতা মনিরুজ্জামান ও রাসেল আহমদের পক্ষে-বিপক্ষে স্লোগান। এর একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ভাঙচুর করা হয় সভামঞ্চের অর্ধশতাধিক চেয়ার। নেতা-কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পণ্ড হয়ে যায় সভা। বাধ্য হয়ে সভা না করেই স্থান ত্যাগ করেন দলীয় নেতারা।
পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহমেদ বলেন, ‘সভায় আমার সমর্থন বেশি ছিল। কমিটি গঠন বানচাল করার জন্যই মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর লোকজন আমার নেতা-কর্মীকে মারধর করেছেন। এতে আমার ১৫ সমর্থক আহত হয়েছেন। এঁদের মধ্যে ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে।’
এ অভিযোগ অস্বীকার করে মনিরুজ্জামান বলেন, ‘আমি কোনো হামলা করিনি। রাসেল বাইরে থেকে অছাত্রদের ভাড়া করে নিয়ে এসে সভা বানচাল করতে আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।’
সভার উদ্বোধক পরিতোষ চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর। ছাত্রদের কাছ থেকে এমনটা আমরা আশা করি না। তবে ওই কর্মী সমাবেশে দুই পক্ষের সমর্থনে কিছু অছাত্র ঢুকে পড়ে এমন ঘটনা ঘটিয়েছে।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান আজ রাত পৌনে আটটায় বলেন, কর্মিসভায় কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।