বদরগঞ্জে দুই ব্যবসায়ীকে মারধর, থানা ঘেরাও
রংপুরের বদরগঞ্জ পৌর শহরে দুই কাঁচামাল ব্যবসায়ীকে মারধর করে একজনের দোকান থেকে এক লাখেরও বেশি টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে কাঁচামাল ব্যবসায়ীরা গত বুধবার শহরে মিছিল শেষে থানা ঘেরাও করেন।
পরে স্থানীয় সাংসদ ও উপজেলা চেয়ারম্যান এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ব্যবসায়ীরা শান্ত হন।
থানায় দায়ের করা মামলা ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, গত বুধবার সকালে কাঁচামাল ব্যবসায়ী আফজাল হোসেনের (৩০) সঙ্গে ফখরুল ইসলাম (২৮) নামের এক ভ্যানচালকের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফখরুল ধারালো অস্ত্র নিয়ে আফজালকে আঘাতের চেষ্টা করেন। এ সময় কয়েকজন কাঁচামাল ব্যবসায়ী মিলে অস্ত্রটি কেড়ে নেন। এতে ক্ষুব্ধ ফখরুল শহরতলির পাঠানপাড়া গ্রামে তাঁর লোকজনকে খবর দেন। বেলা ১১টার দিকে পাঠানপাড়ার শহিদুল ইসলাম (৪০) ও ওবায়দুল ইসলামের (৩০) নেতৃত্বে ৩০ থেকে ৩২ জন লাঠিসোঁটা নিয়ে কাঁচামাল বাজারে ঢুকে ফরিদ উদ্দিন ও আবদুল কাইয়ুম নামের দুই ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ব্যবসায়ীদের তাড়া খেলে হামলাকারীরা পালালেও আকতারুল ইসলাম (২০) নামের একজন ধরা পড়েন।