বদরগঞ্জে দুটি মার্কেটে অগ্নিকাণ্ড প্রতিবাদে বিদ্যুৎ কার্যালয়ে হামলা

রংপুরের বদরগঞ্জ পৌরশহরের দুটি বিপণিবিতানে (মার্কেট) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে ব্যবসায়ীরা বিদ্যুতের কার্যালয়ে হামলা চালিয়েছেন। এতে ব্যবসায়ীদের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে বদরগঞ্জ পৌরসভার আলম মার্কেটের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রথমে ওই বিপণিবিতানে আগুন লাগে। একপর্যায়ে ওই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাজম্যানশন মার্কেটে। খবর পেয়ে বদরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। শেষে দিনাজপুরের পার্বতীপুর ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তিন ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এক হয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীরা ওই অগ্নিকাণ্ডের ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালান। তবে ছুটির কারণে কার্যালয়টি বন্ধ ছিল। বেলা
সাড়ে ১১টা থেকে তাঁরা রংপুর-পার্বতীপুর সড়ক অবরোধ করে রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল চৌধুরী অভিযোগ করেন, ‘পল্লী বিদ্যুতের গাফিলতির কারণেই ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’
রংপুর-২ পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক ব্যবস্থাপক হাদিউজ্জামান গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।