বদরগঞ্জে ফের ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই
রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত শনিবার রাতে আবারও এক ব্যবসায়ীর মোটরসাইকেল ছিনতাই হয়েছে। এ নিয়ে উপজেলায় গত ছয় মাসে ২৩টি মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটল।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার রাত নয়টার দিকে উপজেলার চম্পাতলী বামনপাড়া গ্রামের পান ব্যবসায়ী দিলীপ ঠাকুর বদরগঞ্জ-লালদীঘি সড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। কদমতলী এলাকায় পৌঁছালে পাঁচ-সাতজন দুর্বৃত্ত তাঁকে পিটিয়ে আহত করে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
এর আগে গত ২ আগস্ট উপজেলার যমুনেশ্বরী সেতুর পাশে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। তখন পৌর শহরের ব্যবসায়ী রাসেল আহম্মেদকে কুপিয়ে তাঁর মোটরসাইকেলটি ছিনতাই করে দুর্বৃত্তরা। রাসেল অভিযোগ করে বলেন, ‘ছিনতাইকারীরা আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়েছিল। আমার বাঁচার আশা অনেকটা ছেড়ে দিয়েছিল পরিবার। থানায় মামলা দিলাম। কিন্তু পুলিশ আজ পর্যন্ত ছিনতাইকারীদের ধরতে বা মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি।’
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময়ে কেবল উপজেলা পরিষদ চত্বর থেকেই চুরি হয়েছে ১৩টি মোটরসাইকেল। ভুক্তভোগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্কুলশিক্ষক, ব্যবসায়ী, ঠিকাদার ও পল্লিচিকিৎসক।
ভুক্তভোগীদের একজন ঘৃনই পানারহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, মোটরসাইকেল চুরির পর থানায় কেউ মামলা দিতে চান না। এতে উল্টো পুলিশি হয়রানির শিকার হতে হয়।
এ ছাড়া গত এপ্রিলে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান ও শ্যামপুর ডিগ্রি কলেজের শিক্ষক মঞ্জুরুল হকের মোটরসাইকেল বাড়ির গ্রিল কেটে নিয়ে যায় চোরের দল। আর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ূন কবিরের মোটরসাইকেলটি চুরি হয় তাঁর কার্যালয়ের সামনে থেকে। এই ছয় মাসে বাকি পাঁচটি মোটরসাইকেল চুরি হয়েছে বদরগঞ্জ পৌরবাজার থেকে।
বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তৈয়ব আলী বলেন, মোটরসাইকেল চুরির অভিযোগে সম্প্রতি তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, মোটরসাইকেলের চাকার সামনে ও পেছনে দুটি তালা লাগালেই চুরি রোধ করা সম্ভব। আর মোটরসাইকেল ছিনতাইয়ের দু-একটি ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে। এ ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে।