বদরগঞ্জে ভিজিএফ কার্ডেও নৌকা প্রতীক!
রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক পরাজিত চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের সিল মেরে দুস্থ ব্যক্তিদের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত শনিবার পাঁচ শতাধিক কার্ডধারী বিক্ষোভ করেন।
ওই ইউপি কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের আগে ইউনিয়নে দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের জন্য ৪ হাজার ৭৬৩টি ভিজিএফ কার্ড বরাদ্দ পাওয়া যায়। কার্ডের বিপরীতে উপজেলা খাদ্যগুদাম থেকে গত বৃহস্পতিবার চাল তোলেন ইউপি সচিব সাজ্জাক মিয়া। দুস্থ ব্যক্তিদের তালিকা করেন আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক ও ইউপি সদস্যরা। এরপর ভিজিএফ কার্ডে আবুবক্কর সিদ্দিক স্বাক্ষর করেন ও কার্ডের উল্টো পাশে নৌকা প্রতীকের সিল মেরে গ্রাম পুলিশদের মাধ্যমে কার্ডগুলো দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করেন। কার্ডে ‘নৌকা প্রতীকে ভোট দিন’ লেখা রয়েছে।
ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন অভিযোগ করে বলেন, ভিজিএফের চাল খাদ্যগুদাম থেকে উত্তোলনের পর তা ইউপি কার্যালয়ে না নিয়ে স্থানীয় পীরপাল কলেজে রাখা হয়। সেই চাল গত শনিবার দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণের পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুবক্কর লুটপাট করেন। এ কারণে পাঁচ শতাধিক দুস্থ ব্যক্তি কার্ড থাকার পরও চাল না পেয়ে সেখানে বিক্ষোভ করেন। এ ছাড়া আবুবক্করকে যাঁরা ভোট দেননি, তাঁদের তিনি কার্ডও দেননি। কোথাও নৌকা প্রতীকের সিল মেরে ভিজিএফ কার্ড বিতরণ করার নজির নেই। অথচ আবুবক্কর তা করেছেন।
ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, বিতরণের স্থান আবুবক্কর ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুরো দখলে নিয়ে চাল বিতরণে নয়ছয় করেছেন। সন্ধ্যার পর চেয়ারম্যানের নির্দেশে আওয়ামী লীগের সমর্থক ছায়বার আলী প্রকাশ্যে ভিজিএফের ১৮০ বস্তা চাল (প্রতি বস্তা ৫০ কেজি) বিতরণস্থল থেকে ট্রাকে তুলে নিয়ে যান। গ্রাম পুলিশের আরেক সদস্য নজমুল হকও ছায়বার আলী ১৮০ বস্তা ভিজিএফের চাল ট্রাকে তুলে নিয়ে গেছেন বলে জানান।
ইউপি সদস্য জাহেদুল ইসলাম অভিযোগ করেন, চাল বিতরণে ইউপি সদস্যদের কোনো মূল্যায়ন করা হয়নি।
ওই ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের নুর ইসলাম, পুলপাড়ার আমিনুল ইসলাম, বালাপাড়ার আবদুর রাজ্জাকসহ অন্তত ১৫ জন দুস্থ অভিযোগ করেন, ‘আবুবক্করকে নৌকায় ভোট না দেওয়ায় কার্ড থাকার পরও তাঁরা চাল পাননি।’
মুঠোফোনে জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুবক্কর সিদ্দিক বলেন, চাল বিতরণে কোনো অনিয়ম ও দুর্নীতি হয়নি। ১৮০ বস্তা চাল সরানোর অভিযোগ সঠিক নয়। যাঁরা চাল পাননি, কার্ড জমা দিলে তাঁদের প্রয়োজনে চাল কিনে দেওয়া হবে। তবে তিনি ভিজিএফ কার্ডে নৌকা প্রতীকের সিল মারার কথা স্বীকার করেন।
ইউএনও কাজী আবিদা গুলসান বলেন, ‘ওই ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ কেউ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভিজিএফ কার্ডে নৌকা প্রতীকের সিল দেওয়া ঠিক হয়নি। নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা শপথ না নেওয়ায় আগের নির্বাচিত ব্যক্তিরাই ভিজিএফের তালিকা করে চাল বিতরণ করেছেন।’